নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লিতে মিছিল, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক

সংসদ ভবন এলাকায় পুলিশি ব্যারিকেডের সামনে বিরোধী নেতারা। ছবি: সংগৃহীত
ভারতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) নিয়ে অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মিছিল করেছেন বিরোধী দলের সাংসদরা।
কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে এ মিছিল শুরু করেন। মিছিলটি সংসদের মকর দ্বার থেকে শুরু হয়। এতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ বিরোধী জোটের বিভিন্ন দলের নেতারা অংশ নেন।
সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।
নির্বাচন কমিশনের দপ্তরের দিকে এগোতে গেলে সংসদ স্ট্রিটে পুলিশ তাদের পথ আটকে দেয়। পরে আকাশবাণী ভবনের কাছাকাছি এলাকায় নেতারা সড়কে বসে অবস্থান নেন। রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের ব্যারিকেডে উঠে প্রতিবাদ জানান।
এরপর আকাশবাণী ভবনের ভেতর থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্য নেতাদের আটক করে দিল্লি পুলিশ। আটক নেতাদের মধ্যে অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনও ছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বিরোধী নেতারা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়তে পারে। নির্বাচন কমিশন অবশ্য এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
মিছিলকে কেন্দ্র করে সংসদ ভবন, সংসদ স্ট্রিট ও নির্বাচন কমিশনের দপ্তরের আশপাশে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়। বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয় এবং যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়।



