তামিলনাড়ুতে বিজেপির শক্তি বাড়াতে মোদি সরকারে প্রতিমন্ত্রীর পদত্যাগ

সংগৃহীত ছবি
ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান মঙ্গলবার মন্ত্রিসভা ও রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান তিনি। তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়াতে পূর্ণ সময় দিতে চান বলে চিঠিতে উল্লেখ করেছেন মুরুগান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’
তিনি আরও বলেন, ‘দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিকদের সন্তান হিসেবে বেড়ে ওঠা থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন—সবই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’
কেন্দ্রীয় এই প্রতিমন্ত্রী বলেন, এখন তিনি ‘তৃণমূল পর্যায়ে ফিরে যেতে’ চান। ২০২৯ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করতে পূর্ণ সময় কাজ করবেন তিনি।
এল মুরুগান বিজেপির তামিলনাড়ু রাজ্য শাখার সাবেক প্রধান। তিনি মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



