সৈকতে ঘুরতে গিয়ে মহারাষ্ট্রের ৮ শিক্ষার্থীর মৃত্যু

মোট ৪৮ জনের একটি দল ঘুরতে গিয়েছিল দিভেগার সমুদ্রসৈকতে। ছবি : সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেগার সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে মৃত্যু হয়েছে আট শিক্ষার্থীর। তীব্র স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয় তাদের। নিহতদের সবাই কিশোর। তাদের প্রত্যেকের বয়স ১৬ বছর।
সাগর থেকে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহত শিক্ষার্থীরা ভারতের পুনের আলান্দি এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। প্রায় ১৭০ কিলোমিটার দূরের দিভেগারে ঘুরতে গিয়েছিল তারা। একপর্যায়ে সমুদ্রে নামেন আট শিক্ষার্থী। পানির গভীরতা ও স্রোতের তীব্রতা ঠিকভাবে বুঝতে না পেরে তারা ভেসে যান স্রোতে।
পুলিশ জানিয়েছে, মোট ৪৮ জনের একটি দল ঘুরতে গিয়েছিল দিভেগার সমুদ্রসৈকতে। তাদের মধ্যে ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে ও ৬ জন শিক্ষক ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে দলটি পৌঁছায় সমুদ্রসৈকতে।
এরপর আট শিক্ষার্থী সমুদ্রে নামেন। পানির গভীরতা ও স্রোত সম্পর্কে ভুল ধারণার কারণে তারা স্রোতে ভেসে যান বলে জানায় কর্তৃপক্ষ।
ঘটনা বুঝতে পেরে দ্রুত উদ্ধারকাজে নামেন দিভেগারের ভাউ মারুতি সালুনখে মহাকালী ওয়াটার স্পোর্টসের মালিক ভাউ সালুনখে ও তার দলের সদস্যরা। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা সমুদ্রে নেমে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তান থানার সহকারী পুলিশ পরিদর্শক (এপিআই) সন্তোষ আওয়াতি তার দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ মরদেহগুলো নিজেদের হেফাজতে নেয়।
পরে মরদেহগুলো ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য বোরলি পঞ্চায়তানের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (পিএইচসি) পাঠানো হয়।
নিহত শিক্ষার্থীরা হলেন তন্ময় দত্তাত্রেয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোদে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্ডওয়ালকর এবং কৌস্তভ সন্দীপ দাউন্ড।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, মরদেহগুলো আলান্দিতে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসন সমন্বয় করে কাজ করছে।
দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। তার ভাষ্য, ঘটনার জন্য সংশ্লিষ্ট অ্যাকাডেমিকে জবাবদিহির আওতায় আনতে হবে। স্কুলের শিক্ষা সফরের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে শিগগির নতুন নির্দেশনা জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সূত্র : এনডিটিভি



