আসছে সোনিয়া গান্ধীর আত্মজীবনী

ভারতের কংগ্রেস কাণ্ডারি সোনিয়া গান্ধীর আত্মজীবনী ঘিরে কয়েক সপ্তাহের টানাপড়েনের অবসান। পেঙ্গুইন র্যান্ডম হাউজ ইন্ডিয়ার সঙ্গে প্রকাশনা নিয়ে মতপার্থক্যের পর এবার কংগ্রেস নেত্রীর বহুল প্রতীক্ষিত বই ‘Belonging: A Journey of Love’ প্রকাশের দায়িত্ব নিল হার্পারকলিন্স ইন্ডিয়া। গতকাল শুক্রবারই প্রকাশনা সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ১০ নভেম্বর বইটি প্রকাশিত হবে ভারতে। একই দিনে বইটি প্রকাশ পাওয়ার কথা আন্তর্জাতিক বাজারেও।
তবে বই প্রকাশের আগেই তা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক কৌতূহল। কারণ, এ বইয়ের ভারতীয় প্রকাশনা নিয়ে প্রথমে পেঙ্গুইন র্যান্ডম হাউজ ইন্ডিয়ার সঙ্গে আলোচনা চলছিল। কিন্তু পাণ্ডুলিপির একটি অংশে ‘সম্পাদনা ও কিছু অংশ বাদ দেওয়া’ নিয়ে লেখকের সঙ্গে প্রকাশকের মতপার্থক্য তৈরি হয়। সূত্রের খবর, সোনিয়া গান্ধী ওই পরিবর্তন মেনে নিতে রাজি হননি। শেষ পর্যন্ত ভারতীয় সংস্করণ প্রকাশের দায়িত্ব থেকে সরে দাঁড়ায় পেঙ্গুইন।
বিতর্কের কেন্দ্রে থাকা অংশগুলোর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস, ভারত-চীন সম্পর্ক এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোনিয়ার মন্তব্য রয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। তবে পেঙ্গুইন র্যান্ডম হাউজ ইন্ডিয়া স্পষ্ট করেছে, বইয়ের সম্পাদনা নিয়ে মতৈক্য না হওয়াই প্রকাশনা থেকে সরে দাঁড়ানোর কারণ, কোনো বাহ্যিক চাপের অভিযোগ তারা অস্বীকার করেছে। হার্পারকলিন্স অবশ্য বইটির রাজনৈতিক বিতর্কের বদলে তার ব্যক্তিগত ও ঐতিহাসিক গুরুত্বকেই সামনে এনেছে। প্রকাশকের বক্তব্য, ‘Belonging’ শুধু একজন রাজনীতিকের স্মৃতিকথা নয়; বরং ভালোবাসা, পরিচয়, পরিবার, কর্তব্য এবং ভারতের দীর্ঘ রাজনৈতিক যাত্রার এক ব্যক্তিগত সাক্ষ্য।
ইতালির ছোট শহরে বেড়ে ওঠা এক তরুণীর ভারতীয় রাজনৈতিক পরিবারের অংশ হয়ে ওঠা, রাজীব গান্ধীর সঙ্গে তার সম্পর্ক, গান্ধী পরিবারের অন্দরমহল, ইন্দিরা ও রাজীব গান্ধীর হত্যার অভিঘাত এবং পরে ভারতীয় রাজনীতির কেন্দ্রে তার উত্থান, সবই উঠে আসার কথা বইটিতে।





