কুয়েতে হামলায় ব্যবহৃত ড্রোন ইরানে তৈরি, বলছে ইতালি

গত বৃহস্পতিবার কুয়েতের একটি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। ছবি : রয়টার্স
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, কুয়েতের তদন্তে নিশ্চিত হওয়া গেছে, হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি।
তবে ড্রোনটি ইরান থেকে উৎক্ষেপণ করা হয়নি বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে ঘটনার প্রকৃত উৎস ও দায়ীদের শনাক্তে ইতালি ও কুয়েতের সঙ্গে যৌথ তদন্ত কমিশনে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান।
এর আগে গত বৃহস্পতিবার কুয়েতের একটি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হওয়ার পর মারা যান দুই ইতালীয় নাগরিক।
তারা জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের ইতালীয় শাখা রাইনমেটাল ইতালিয়ার কর্মী ছিলেন।
হামলার সময় ওই ব্যক্তি কুয়েতের একটি বিমান প্রতিরক্ষা নজরদারি কেন্দ্রে কাজ করছিলেন।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী তাজানি জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে তার কথা হয়েছে। আরাঘচি তাকে জানিয়েছেন, হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের সশস্ত্র বাহিনী উৎক্ষেপণ করেনি।
তাজানির ভাষ্য, আরাঘচি দাবি করেছেন, ‘ড্রোনটি ইরানের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়নি।’
তবে তদন্তে ড্রোনটির উৎপাদনস্থল ইরান বলে নিশ্চিত হওয়া গেছে। তাজানির মতে, অঞ্চলটিতে ইরান-সমর্থিত একাধিক সশস্ত্র গোষ্ঠী রয়েছে। যারা এ ধরনের ড্রোন ব্যবহার করে।
হামলার দায় নির্ধারণে যৌথ তদন্ত কমিশনে অংশ নিতে তেহরান আগ্রহ প্রকাশ করেছে। এ কমিশনে ইতালি ও কুয়েতের প্রতিনিধিরাও থাকবেন বলে জানিয়েছেন তাজানি।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির আকাশসীমায় একাধিক ড্রোন শনাক্তের পর সেগুলো প্রতিহত করার চেষ্টা করে সামরিক বাহিনী।
এ সময় একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা ও ধ্বংসাবশেষ পড়ে হতাহতের ঘটনা ঘটে। প্রথমে চারজন আহত হওয়ার কথা জানানো হয়েছিল।
পরে তাদের মধ্যে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। অপর দুই আহত ব্যক্তির একজন কুয়েতের সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং অন্যজন পাকিস্তানের নাগরিক।
ইতালি ও কুয়েত হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে।
আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে সন্দেহজনক বলে উল্লেখ করেছেন। তার দাবি, এটি আঞ্চলিক সংঘাত আরও উসকে দেওয়ার পূর্বপরিকল্পিত প্রচেষ্টা হতে পারে।
তিনি বলেছেন, ‘হামলার ঘটনা সন্দেহজনক এবং এটিকে যুদ্ধের একটি পূর্বপরিকল্পিত আয়োজন বলে মনে হচ্ছে।’
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেখারচিও ওই অঞ্চলে ইরানের কোনো সামরিক বা আক্রমণাত্মক অভিযান পরিচালনার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অতীতেও অন্য পক্ষের ওপর দায় চাপাতে এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে।
সূত্র : আলজাজিরা





