রাশিয়ায় এলজিবিটিকিউ নিষেধাজ্ঞা আইনে প্রথম সাজা, ৩ জনের কারাদণ্ড

২০২৩ সালে রাশিয়ার সুপ্রিম কোর্ট ‘এলজিবিটিকিউ আন্দোলনকে’ চরমপন্থী ঘোষণা করে- রয়টার্স
রাশিয়ায় ‘এলজিবিটিকিউ আন্দোলন’ নিষিদ্ধ ঘোষণার পর প্রথমবারের মতো সেই আইনের আওতায় একটি ফৌজদারি মামলায় তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এলজিবিটিকিউ নাইটক্লাবের মালিক ও দুই কর্মীকে ‘চরমপন্থী সংগঠনের’ কার্যক্রম পরিচালনা ও তাতে অংশ নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
সোমবার আদালত জানান, দুই বছর আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওরেনবুর্গ শহরের ‘পোজ’ নাইটক্লাবে পুলিশের অভিযানের পর গ্রেপ্তার হওয়া তিন আসামি একটি ‘চরমপন্থী সংগঠনের’ কার্যক্রম পরিচালনা ও তাতে অংশ নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
৩৭ বছর বয়সী ক্লাবটির মালিক ভিয়াচেস্লাভ খাসানভকে সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রুবল (প্রায় ১২ হাজার ৭৫৫ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ৩০ বছর বয়সী ক্লাব ব্যবস্থাপক ডায়ানা কামিলিয়ানোভাকে ছয় বছর তিন মাস এবং ২৩ বছর বয়সী আর্ট ডিরেক্টর আলেক্সান্দার ক্লিমভকে দেওয়া হয়েছে দুই বছর তিন মাসের কারাদণ্ড।
নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনজনই।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমলে রাশিয়ায় এলজিবিটিকিউ অধিকার ব্যাপকভাবে দমন করা হয়েছে। দেশটির সরকার এলজিবিটিকিউকে পশ্চিমা সংস্কৃতির অংশ হিসেবে তুলে ধরে এবং দাবি করে, এটি পরিবার, জাতি ও রুশ অর্থোডক্স খ্রিষ্টান বিশ্বাসভিত্তিক ঐতিহ্যবাহী মূল্যবোধের জন্য হুমকি।
২০২৩ সালে রাশিয়ার সুপ্রিম কোর্ট ‘এলজিবিটিকিউ আন্দোলনকে’ চরমপন্থী ঘোষণা করে। একই সঙ্গে এ আন্দোলনের সমর্থকদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা হয়। এর ফলে এলজিবিটিকিউ সম্প্রদায় ও তাদের অধিকারকর্মীদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা করার পথ উন্মুক্ত হয়।
রাশিয়ায় এলজিবিটিকিউ-সংক্রান্ত কনটেন্ট প্রকাশের কারণে নিয়মিতভাবে অনলাইন সংগীত প্ল্যাটফর্ম ও চলচ্চিত্র পরিবেশকদের জরিমানা করা হচ্ছে। এ ছাড়া চলতি বছরের এপ্রিলে একটি রুশ প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মীদের বইয়ের তালিকায় সম্ভাব্য ‘এলজিবিটিকিউ প্রচারণা’ রয়েছে কি না, তা তদন্ত করতে জিজ্ঞাসাবাদও করা হয়।




