চুয়াডাঙ্গা
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হয় শিশুর। ছবি: আগামীর সময়
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে মায়ের কোলে করে বাড়ি ফিরছিল শিশু স্বর্ণা। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে সে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে।
রবিবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলার চিৎলা দেশভাটা এলাকার সামনের দুর্ঘটনা এটি। নিহত স্বর্ণা খাতুন মেহেরপুর সদর উপজেলার সাজেদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অংশ নিতে শিশুটিকে নিয়ে তার মা ও নানী দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর তারা ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে চিৎলা দেশভাটা এলাকার সামনে একটি দ্রুতগতির মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে স্বর্ণা মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। এ সময় ভ্যান থেকে পড়ে আহত হন তার নানী সাজেদা খাতুনও।
স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে স্বর্ণা খাতুনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। আহত সাজেদা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবা উদ্দীন জানিয়েছেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া রয়েছে চলমান।




