কিয়েভে রাশিয়ার ‘ব্যাপক’ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইউক্রেনের কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলার সময় শহর জুড়ে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। একই সময়ে রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেন জুড়ে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, বুধবার ভোরের হামলায় ঘনবসতিপূর্ণ দারনিতস্কি এলাকায় আগুন ধরে যায়। আগুন নেভানোর সময় ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজনকে জীবিতও উদ্ধার করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের লক্ষ্যবস্তুতে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে রুশ বাহিনী। ওদেসা অঞ্চলের বন্দর স্থাপনা এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর স্বার্থে ব্যবহৃত কয়েকটি জাহাজেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়টি।
সাম্প্রতিক সপ্তাহগুলোয় কিয়েভে রুশ হামলা বেড়েছে। এসব হামলায় বিদ্যুৎ অবকাঠামো, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা লক্ষ্যবস্তু হয়েছে। দনিপ্রো নদীর ওপর শহরের দুই অংশকে যুক্ত করা সেতুগুলোতেও হামলা হয়েছে।
হামলার আশঙ্কায় কিয়েভে প্রায় দিন-রাতই সাইরেন বাজছে। বাসিন্দাদের বেসমেন্ট, আশ্রয়কেন্দ্র ও মেট্রো স্টেশনে নিরাপদ আশ্রয় নিতে বলা হচ্ছে।
সূত্র : আল জাজিরা




