রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, সন্দেহভাজন মার্কিন সেনা ব্রিটেনে গ্রেপ্তার

ছবি: রয়টার্স
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৪১ বছর বয়সী এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গ্লস্টারশায়ারের কাছে তাকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবাদবিরোধী শাখা। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ, দেশটির সামরিক বাহিনী ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তার ওই সেনাসদস্যের নাম প্রকাশ করা হয়নি। তাকে লন্ডনের একটি থানায় হেফাজতে রাখা হয়েছে। ব্রিটিশ পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ১০ নভেম্বর মঙ্গলবার তাকে ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের ১ ও ৩ ধারায় অপরাধের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
আইনের ১ ধারায় সুরক্ষিত তথ্য ব্যবস্থাপনা এবং ৩ ধারায় বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার বিষয় উল্লেখ রয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে গ্লস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালানো হচ্ছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট দেশ রাশিয়া।
ন্যাটোর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ওই সেনাসদস্য ব্রিটিশ নেতৃত্বাধীন ন্যাটোর অ্যালাইড র্যাপিড রিঅ্যাকশন কোরে নিয়োজিত ছিলেন। এই বাহিনীর সদর দপ্তর গ্লস্টারে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বিবৃতিতে বলেছেন, গ্রেপ্তার ওই জ্যেষ্ঠ সেনাসদস্যের কাছে সংবেদনশীল তথ্যের দায়িত্ব ছিল।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তি সেনাবাহিনীর মধ্যম থেকে জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তা। এ পর্যায়ে মেজর, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল বলেছেন, এ গ্রেপ্তারের সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগ জড়িত। তিনি আরও বলেছেন, তদন্ত চললেও যুক্তরাষ্ট্রের প্রতি শপথ ভঙ্গ করে দেশটির জাতীয় নিরাপত্তা এবং মিত্রদের নিরাপত্তা বিপন্ন করে—এমন কারও প্রতি এফবিআইয়ের কোনো ছাড় নেই।
যুক্তরাজ্যে মার্কিন সামরিক উপস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকটি ঘটনায় সম্প্রতি তদন্ত করেছে দেশটির সন্ত্রাসবাদবিরোধী পুলিশ। এর মধ্যে মার্কিন সেনাদের ব্যবহৃত সামরিক ঘাঁটির আশপাশের ঘটনাও রয়েছে।
গত সেপ্টেম্বরে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটির বাইরে পাঁচজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ কর্তৃপক্ষ। পরে এ ঘটনায় ইরানকে সহায়তার সন্দেহে জাতীয় নিরাপত্তা আইনে যুক্তরাজ্যের দুই নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন দেশটির সরকারি কৌঁসুলিরা। তবে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান।
মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইরানের একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা নিউইয়র্কের একটি কারাগার থেকে সাংকেতিক বার্তার মাধ্যমে ফেয়ারফোর্ড ঘাঁটিতে ব্যর্থ হামলার নির্দেশ দিয়েছিলেন।
এ ছাড়া গত অক্টোবরে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সেনারা ব্যবহার করেন—এমন রয়্যাল এয়ার ফোর্সের মোলসওয়ার্থ ঘাঁটির ভেতরে দুই লাতভীয় নাগরিককে গ্রেপ্তারের ঘটনায় তদন্ত চলছে।
তবে মঙ্গলবারের বিবৃতিতে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তারের বর্তমান ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদবিরোধী পুলিশের অন্য কোনো চলমান তদন্তের যোগসূত্র নেই।
সূত্র : সিএনএন




