ব্রিটিশ বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্র, ইরান-সমর্থিত তিনজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইউরোপে প্রায় ২০টি হামলা এবং হামলার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। তাদের ইরান-সমর্থিত তৎপরতাকারী হিসেবে বর্ণনা করেছে মার্কিন কর্তৃপক্ষ। এসব হামলার মধ্যে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনাও ছিল।
মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ওই তিন ব্যক্তি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং ইরাকের কাতাইব হিজবুল্লাহর হয়ে কাজ করেছেন। তাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের’ অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি, মোহসেন মোহাজেরি ও মোহাম্মদ আল-হাসানি। আল-সাদি বর্তমানে নিউইয়র্কের কারাগারে রয়েছেন। অন্য দুজন কোথায় আছেন, তা জানায়নি প্রসিকিউটররা।
অভিযোগের মূল বিষয় যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি। সেখানে মার্কিন সেনা ও বোমারু বিমান মোতায়েন ছিল। ইরানের বিরুদ্ধে যুদ্ধে বোমারু বিমান পরিচালনায় ঘাঁটিটি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।
গত সেপ্টেম্বরে স্থানীয় এক কৃষক ঘাঁটির কাছে কয়েকটি সাদা ভ্যান নিয়ে একদল ব্যক্তির সন্দেহজনক কর্মকাণ্ডের কথা জানালে পুলিশ সেখানে যায়। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে সবাই জামিনে মুক্তি পান। তাদের মধ্যে দুজনকে আবার গ্রেপ্তার করা হয়। ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। ঘটনার কয়েক দিন পর ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে নিজেদের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।
প্রসিকিউটরদের দাবি, ৩২ বছর বয়সী আল-সাদি ৪৮ বছর বয়সী ইরানি নাগরিক মোহাজেরি ও আল-হাসানির মধ্যে সাংকেতিক বার্তা আদান-প্রদান করে পরিকল্পনার সমন্বয় করেছিলেন। এ জন্য তিনি ইরাকে থাকা মা ও বোনের সঙ্গে ফোনে সাংকেতিক ভাষায় কথা বলতেন।
নিউইয়র্কের মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেছেন, অভিযুক্তরা ইরান-সংশ্লিষ্ট সংগঠনগুলোর হয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ইহুদি সম্প্রদায় এবং মার্কিন সেনাসদস্য থাকা ফেয়ারফোর্ড ঘাঁটিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনায় সহায়তা করেছেন। ইরান ও দেশটির সমর্থনপুষ্ট গোষ্ঠীগুলোর হুমকি বাস্তব বলেও মন্তব্য করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত মে মাসে আল-সাদির বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়ের লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেওয়া এবং মার্কিন নাগরিকদের হত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের প্রতিশোধ নিতে এসব হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগে বলা হয়।
এসব হামলার মধ্যে গত এপ্রিলে লন্ডনে দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা ছিল। এ ছাড়া ইউরোপের বিভিন্ন স্থানে উপাসনালয়, ইসরায়েলি ব্যবসাপ্রতিষ্ঠান ও ইহুদি স্কুলে অগ্নিসংযোগের ঘটনাও এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে।
মে মাস থেকে মার্কিন হেফাজতে থাকা আল-সাদি জুনে এসব অভিযোগ অস্বীকার করেন। নিজেকে ‘যুদ্ধবন্দী’ বলেও দাবি করেন তিনি। গ্রেপ্তারের পর থেকে জামিন ছাড়াই তাকে কারাগারে রাখা হয়েছে। মঙ্গলবারের নতুন অভিযোগপত্রে ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার পরিকল্পনায় তাঁর কথিত ভূমিকার বিষয়টিও যুক্ত করা হয়েছে। পাশাপাশি অন্য দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এদিকে ফ্লাইট চলাচলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার যুক্তরাজ্যের আরেকটি বিমানঘাঁটি আরএএফ মিলডেনহল থেকে অন্তত ১২টি সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
সূত্র : আলজাজিরা




