ইউক্রেন যুদ্ধে প্রায় পাঁচ লাখ রুশ সেনা নিহত, বলছে সরকারি নথি

ইউক্রেনের কিয়েভের কাছে রুশ সেনার মরদেহের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দেশটির সেনাসদস্যরা। ফাইল ছবি / রয়টার্স
ইউক্রেন যুদ্ধে ২০২২ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বিবিসি। ফাঁস হওয়া এসব নথিতে যুদ্ধের কারণে রাশিয়ায় মৃত্যুর ধরন কীভাবে বদলে গেছে, তারও চিত্র উঠে এসেছে।
বিবিসি রাশিয়ান ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথি হাতে পেয়েছে। বেলারুশের সাইবার পার্টিজানস বিওয়াই এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রো নামের দুটি গোষ্ঠীর সাইবার হামলার পর এসব তথ্য ফাঁস হয়। রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট সাইবার হামলার কথা স্বীকার করলেও সুরক্ষিত কোনো তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছে।
স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে মিলে নথিগুলো বিশ্লেষণ করেছে বিবিসি। এতে তাদের নিজস্ব তালিকায় থাকা নিশ্চিত সেনা মৃত্যুর ৯০ শতাংশের সঙ্গে সরকারি নথির মিল পাওয়া গেছে। বিবিসির হিসাবে, উন্মুক্ত সূত্র থেকে নিশ্চিত হওয়া রুশ সেনা মৃত্যুর সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১২। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ সব মৃত্যুর খবর প্রকাশ্যে আসে না।
নথি অনুযায়ী, ২০২৫ সালে রাশিয়ায় যুদ্ধে নিহত ১৮ থেকে ২৪ বছর বয়সীদের হার ছিল ৬৫ শতাংশ। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ৫৯ শতাংশ। ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে শুধু হৃদ্রোগে মৃত্যুর সংখ্যা যুদ্ধের মৃত্যুর চেয়ে বেশি।
যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া গেছে ইউক্রেনের ছোট ছোট এলাকাতেও। যুদ্ধের আগে মোট ১২ হাজার মানুষের বসবাস ছিল, এমন ১০টি গ্রাম দখলের লড়াইয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের বাখমুতের দক্ষিণে আন্দ্রিয়িভকা গ্রামের লড়াইয়ে নিহত হয়েছেন ১ হাজার ১২২ জন রুশ সেনা। যুদ্ধের আগে গ্রামটিতে বাস করতেন মাত্র ৭৪ জন।
রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার দরিদ্র অঞ্চলগুলো থেকে যুদ্ধে নিহতের সংখ্যা তুলনামূলক বেশি। তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্ক অঞ্চলের পুরুষদের যুদ্ধে নিহত হওয়ার আশঙ্কা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি।
বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, উন্মুক্ত সূত্রে পাওয়া ২ লাখ ৯০ হাজার ১২ জন নিহতের হিসাব প্রকৃত মৃত্যুর ৪৫ থেকে ৫৫ শতাংশ হতে পারে। সে হিসাবে রুশ সেনা মৃত্যুর প্রকৃত সংখ্যা ৫ লাখ ২৭ হাজার থেকে ৬ লাখ ৪৪ হাজারের বেশি হতে পারে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৬ সালের জুলাইয়ে দেশটির সেনা নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার বলে জানিয়েছিলেন। তবে উন্মুক্ত সূত্রভিত্তিক ইউএ লসেসের হিসাবে এ সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৫২।
সূত্র : বিবিসি




