ইউক্রেনের হামলার কড়া জবাব দেওয়া ‘অনিবার্য’, পুতিনের হুঁশিয়ারি

রাশিয়ার ইরকুৎস্ক অঞ্চলের ইয়ারাকতা তেলক্ষেত্রের একটি ডিজেল স্থাপনার ওপর উড়ছে দেশটির পতাকা। ফাইল ছবি / রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে রাশিয়ার পাল্টা ব্যবস্থা নেওয়া ‘অনিবার্য’ বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও জ্বালানি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে পুতিন এ হুঁশিয়ারি দেন। এর আগে কিয়েভ জানিয়েছিল, মস্কো রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করলেই কেবল ইউক্রেনও এ ধরনের হামলা বন্ধ করবে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। গত অক্টোবরের মাঝামাঝি ট্রাম্প যুদ্ধের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের হামলা কিছুটা কমে আসে। তবে অক্টোবরের শেষ দিকে আবারও হামলা বেড়ে যায়।
পুতিন বৈঠকে বলেছেন, ‘আমরা দেখছি, মার্কিন প্রেসিডেন্টের অনুরোধ ও সরাসরি আহ্বান সত্ত্বেও কিয়েভ সরকার আমাদের তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। তারা এই পরামর্শ উপেক্ষা করছে।’
তিনি আরও বলেছেন, ‘এ অবস্থায় আমি জোর দিয়ে বলতে চাই, আমাদের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া অনিবার্য।’
জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন পুতিন।
বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃত শিল্প খাতের দুটি সূত্রের হিসাব অনুযায়ী, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতের পরিমাণ ৪৫ শতাংশ কমেছে।
রাশিয়ার বিভিন্ন অঞ্চলে নতুন করে তেল শোধনাগারে ইউক্রেনের হামলা বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে পেট্রল ও ডিজেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।
এদিকে, মঙ্গলবার রাশিয়ার একটি নজরদারি ড্রোন অল্প সময়ের জন্য সীমান্ত অতিক্রম করায় মস্কোর বিরুদ্ধে আকাশসীমা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘনের অভিযোগ করেছে পোল্যান্ড।
কিয়েভ থেকে আল-জাজিরার প্রতিবেদক আবদেলআজিজ মুজাহিদ বলেছেন, রাশিয়ার এই অনুপ্রবেশ ‘সংঘাত ও পাল্টাপাল্টি অবস্থান আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিতও হতে পারে’।
এর আগে সোমবার ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়ার বিরুদ্ধে একাধিক শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তোলে মস্কো। রাশিয়া বলেছে, এসব কর্মকাণ্ড ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ নিয়ে যাচ্ছে পরিস্থিতি। এর আগে এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে স্থলসীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছিল।
এ ছাড়া শুক্রবার রাশিয়ার তিনটি খ-১০১ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে বলে জানিয়েছে ওয়ারশ। শনিবার বাল্টিক সাগরে রুশ সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয়ে আগুন ধরে যায়। ইউক্রেন এ হামলার দায় স্বীকার করেছে।
রবিবার লিবিয়ার একটি বন্দরে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি নৌবাহিনীর করভেট ডুবিয়ে দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, হামলাটি ছিল আত্মরক্ষার বৈধ পদক্ষেপ। এর আগে লিবিয়ার রাজধানী ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ হামলার সমালোচনা করেছিল।
অন্যদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে বস্তুগত সহায়তা দেওয়া যুক্তরাজ্যের কোম্পানিগুলোকে রাশিয়ার নাশকতামূলক তৎপরতার জন্য প্রস্তুত থাকার সতর্কতা দিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। মঙ্গলবার তারা এ সতর্কতা দেন।
এদিকে, মঙ্গলবার গভীর রাতে ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার হামলায় দুজন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর মিখাইলো সেমিকিন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, হামলায় চার শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। তার টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ছবি ও ভিডিওতে জানালার কাচ ভেঙে যাওয়া একটি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন এবং মাটিতে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনের সুমি অঞ্চলে ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্র, স্টারলিংক স্যাটেলাইট টার্মিনালসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের বেশ কয়েকজন সেনাসদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেছে মন্ত্রণালয়।
সূত্র : আলজাজিরা




