হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবান। ফাইল ছবি : রয়টার্স
ইউরোপের দীর্ঘদিনের মিত্র হাঙ্গেরি রাশিয়ার ১০ কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। তাদের বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে দেশটি। হাঙ্গেরি বলেছে, এসব কর্মকাণ্ড তাদের কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবান স্থানীয় সময় মঙ্গলবার বলেছেন, দেশের ‘নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায়’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর অর্থ রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা নয়।
হাঙ্গেরির এই সিদ্ধান্তের কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে বলেছেন, মস্কোর প্রতিক্রিয়া হবে ‘কঠোর ও বেদনাদায়ক’।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পরও হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের মধ্যে ছিল, যারা মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। দেশটির আগের সরকারের সময় রাশিয়ার সঙ্গে হাঙ্গেরির সম্পর্ক বেশ উষ্ণ ছিল।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে উইটকফ-কুশনার ‘কিছু ভালো পরামর্শ’ দিয়েছেন: জেলেনস্কি
০৮ সেপ্টেম্বর ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গত এপ্রিলে নির্বাচনে হেরে ক্ষমতা ছাড়েন। এর আগে তিনি ১৬ বছর ক্ষমতায় ছিলেন। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে ভিক্টর অরবান বলেছিলেন, ‘আমি আপনার সেবায় আছি’। পরে এটি সংবাদে উঠে এসেছিল।
তিনি হাঙ্গেরির বর্তমান উপপ্রধানমন্ত্রী আনিতা অরবানের সঙ্গে সম্পর্কিত নন। বর্তমানে ভিক্টর অরবানের বিরোধী বামপন্থীরা ক্ষমতায় আছেন।
ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ক্রিশ্চিয়ান উইগান্ড সাংবাদিকদের বলেছেন, হাঙ্গেরি ‘বৈধ সিদ্ধান্ত’ নিয়েছে। পরিস্থিতি নিয়ে ইইউ ‘ঘনিষ্ঠভাবে সমন্বয়’ করে যাবে বলেও জানিয়েছেন তিনি।
ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরুর পর ইইউর অনেক সদস্য দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছিল। তবে এত দিন হাঙ্গেরি তাদের মধ্যে ছিল না। এবার প্রথমবারের মতো রুশ কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দিল বুদাপেস্ট।
সূত্র : আল জাজিরা






