বুকারের ইতিহাসে সবচেয়ে প্রবীণ বিজয়ী ব্রিটিশ লেখক হ্যারিসন

ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন— সংগৃহীত ছবি
ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন ২০২৬ সালের বুকার পুরস্কার জিতেছেন। তার ডিস্টোপিয়ান উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য সোমবার মর্যাদাপূর্ণ এই সাহিত্য পুরস্কার পান তিনি। ৮১ বছর বয়সে পুরস্কার জিতে বুকারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিজয়ী হওয়ার রেকর্ড গড়েছেন হ্যারিসন।
লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত অনুষ্ঠানে তাকে ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ লাখ ২৫ হাজার টাকা) পুরস্কার দেওয়া হয়। গত বছরের বিজয়ী ডেভিড স্যালজাই তার হাতে পুরস্কার তুলে দেন।
হ্যারিসনের ১৩তম উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর কাহিনি গড়ে উঠেছে ইংল্যান্ডের কেন্ট উপকূলে। রহস্যময় এক বিপর্যয়ের পর সেখানে বেঁচে থাকার লড়াই করে এক সৈকতে ঘুরে বেড়ানো ব্যক্তি ও তার বৃদ্ধ খালা। এ সময় সেখানে আবির্ভাব ঘটে ‘আইগেত্তি’ নামে পরিচিত রূপ পরিবর্তন করতে সক্ষম কিছু সত্তার।
১৯৮ পৃষ্ঠার বইটি চূড়ান্ত তালিকায় থাকা ছয়টি উপন্যাসের মধ্যে সবচেয়ে ছোট।
ইতিহাসবিদ ও সম্প্রচারক মেরি বিয়ার্ড বিচারক প্যানেলের সভাপতিত্ব করেন। জমা পড়া ১৬৩টি উপন্যাস বিবেচনার পর সর্বসম্মতিক্রমে হ্যারিসনের উপন্যাসটিকে বিজয়ী নির্বাচন করে প্যানেল।
বইটিকে ‘ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ের রাজনীতি’ হিসেবে বর্ণনা করেন বিয়ার্ড। অন্ধকার রসবোধ, রাজনৈতিক ব্যঙ্গ এবং আশাবাদের মিশ্রণের প্রশংসা করেন তিনি।
ছয় দশকের লেখালেখির অভিজ্ঞতাসম্পন্ন হ্যারিসনই প্রথম লেখক, যার লেখালেখির মূল ক্ষেত্র কল্পবিজ্ঞান, যিনি বুকার পুরস্কার জিতলেন বলে জানিয়েছে বুকার প্রাইজ ফাউন্ডেশন।
এর আগে ২০১৯ সালে যৌথভাবে বুকার জেতার সময় কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউডের বয়স ছিল ৭৯ বছর। এবার তার সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন হ্যারিসন।
এবারের চূড়ান্ত তালিকায় আরও ছিলেন আগের বুকারজয়ী মারলন জেমস ও ডগলাস স্টুয়ার্ট। এ ছাড়া ছিলেন এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরি।
এই জয়ের মধ্য দিয়ে স্বাধীন প্রকাশনা সংস্থা সার্পেন্টস টেইল প্রথমবারের মতো বুকার পুরস্কার পেল।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত বুকার পুরস্কার যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত ইংরেজি ভাষার অসাধারণ কথাসাহিত্যের স্বীকৃতি দেয়। যেকোনো দেশের লেখক এ পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন।
বুকার পুরস্কারের জন্য এবারই প্রথম মনোনয়ন পেয়েছিলেন হ্যারিসন।
সূত্র : আনাদোলু এজেন্সি




