ফ্রান্সের সুপার মার্কেটে সাইবার হামলা চালাচ্ছে ইরান
- দাবি পররাষ্ট্রমন্ত্রীর

যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে এবার বরফশীতল ফ্রিজেও। ফ্রিজের শীতলতায় লেগেছে সাইবার আগুন। যেখানে খাবার জমে থাকার কথা, সেখানে হঠাৎ বেড়ে যাচ্ছে তাপমাত্রা। গলছে বরফ, নষ্ট হচ্ছে খাবার। অথচ নেই কোনো সৈন্য, নেই গোলার শব্দ। অদৃশ্য শত্রুর আঘাতে বিপর্যস্ত হচ্ছে ইউরোপের একের পর এক বিপণিবিতান। গত ১১ ও ১২ অক্টোবর ফ্রান্সের প্রায় ৭০০টি সুপার মার্কেটের হিমায়ন ব্যবস্থায় চালানো হয় সাইবার হামলা। পরে ইউরোপের আরও কয়েকটি দেশে দেখা দেয় একই ধরনের বিপর্যয়। অক্টোবরের হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ফ্রান্স।
সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেছেন, ‘এই হামলার মাত্রা ও তীব্রতা ছিল নজিরবিহীন। ফ্রান্সের ভূখণ্ডে নাশকতার উদ্দেশ্যে চালানো প্রথম বড় ধরনের সাইবার হামলা এটি।’
এটি দেশের স্বার্থ এবং ফরাসি জনগণের নিরাপত্তার ওপর বড় ধরনের আঘাত বলেও মন্তব্য করেন তিনি। বারো জানিয়েছেন, এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স। পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে পাল্টা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনাও রয়েছে।
ফ্রান্সের এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি তেহরান।
সংবাদমাধ্যম বিএফএমটিভির তথ্য অনুযায়ী, অক্টোবরে চালানো ওই সাইবার হামলায় হ্যাকাররা দূর থেকে সংযোগ স্থাপন করে সুপার মার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের ডিজিটাল সিস্টেমের সঙ্গে। এরপর ডিফ্রস্ট সাইকেল চালু করে বাড়িয়ে দেয় সেগুলোর তাপমাত্রা। এতে নষ্ট হয় বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আগুনও ধরে যায় শীতাতপ নিয়ন্ত্রণের এসব যন্ত্রে।
প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর দায়িত্ব নেয় এ ঘটনার তদন্তের। সোমবার তারা হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে। তাদের ভাষ্য, হামলায় ফারসি ভাষা ব্যবহার এবং ইরানে অবস্থিত যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট আইপি ঠিকানা পাওয়া গেছে।
কৌঁসুলির দপ্তর জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাইবার ইউনিট ‘শাহিদ কাভেহ’-এর প্রধান, তার দুই উপপ্রধান এবং হামলার জন্য দায়ী অন্য ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।
ফ্রান্সের হামলার পর চলতি মাসের শুরুতে সুইডেন, বেলজিয়াম, আয়ারল্যান্ডসহ ইউরোপের অন্তত ১০টি দেশের বিপণিবিতানেও চালানো হয় একই ধরনের সাইবার হামলা। তবে এসব হামলার সঙ্গে ফ্রান্সের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত ফ্রান্সসহ ইউরোপের অন্য দেশগুলোতে হামলার দায় স্বীকারও করেনি কেউ।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্র ও সিএনএনের পর্যালোচনা করা স্মারকলিপি অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর দেশটির সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এ বিষয়ে সতর্ক থাকতে একাধিক গোপন বার্তাও পাঠানো হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি ও সরকারি সংস্থাকে।



