স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৩০

সংগৃহীত ছবি
স্পেনের তোলেদোর কাছে বুধবার দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত ৩০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে উদ্ধার ও মরদেহ উদ্ধারের কাজ চালানোর সময় এ তথ্য জানিয়েছে কাস্তিয়া-লা মানচা আঞ্চলিক সরকার। মাদ্রিদ থেকে দক্ষিণের আন্দালুসিয়া অঞ্চলের সংযোগকারী রেলপথে এক বছরেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা।
দুর্ঘটনার সময় একটি ট্রেনের পেছনের বগিতে কয়েকজন সহকর্মীর সঙ্গে ভ্রমণ করছিলেন মিগেল নামের এক যাত্রী। দুর্ঘটনার মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি কোপে রেডিওকে বললেন, ‘আমরা প্রচণ্ড গর্জনের মতো শব্দ শুনতে পাই। প্রায় ১০ সেকেন্ড ধরে চলা অত্যন্ত জোরালো এক ধাক্কা ছিল সেটি। মনে হচ্ছিল, ট্রেনটি লাইনচ্যুত হতে যাচ্ছে। ডান পাশের জানালা দিয়ে আমরা একটি বিধ্বস্ত ট্রেন দেখতে পাই। আমার ধারণা, সেটি অন্য ট্রেনটি ছিল।’
কাস্তিয়া-লা মানচা অঞ্চলের মুখপাত্র এস্থার পাদিয়া জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি জানান, কয়েকটি বগি রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে গেছে। তিনি আরও জানান, ইরিও ট্রেনে ১৪৭ জন এবং রেনফে ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন।
একই রেলপথে একই দুই প্রতিষ্ঠানের দ্রুতগতির ট্রেনের মধ্যে দুর্ঘটনার ৯ মাস পর এ ঘটনা ঘটল। আগের ওই দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন।
স্পেন সরকারের ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কর্মসূচি থেকে বুধবারের সব আয়োজন বাতিল করা হয়েছে। ২৯ নভেম্বরের আগাম নির্বাচন সামনে রেখে বিরোধী পিপলস পার্টিও সব নির্বাচনী প্রচার কর্মসূচি বাতিল করেছে বলে জানিয়েছেন দলটির এক মুখপাত্র।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সানচেজ লিখেছেন, ‘তোলেদোয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। সব ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা, সংহতি ও সমর্থন রইল।’




