বন্যায় বিপর্যস্ত নেপালকে ২ লাখ ইউরো সহায়তা সাইপ্রাসের

আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের পাশে সাইপ্রাস। ছবি: সংগৃহীত
ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে সাইপ্রাস। দেশটিকে ২ লাখ ইউরো মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সাইপ্রাস সরকার।
সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাস এইড কর্মসূচির আওতায় দেওয়া হবে এই অর্থ সহায়তা। জাতিসংঘের জরুরি সাড়া তহবিল ও ইউনিসেফের মাধ্যমে সহায়তার অর্থ পৌঁছানো হবে নেপালে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক সংহতি ও মানবিক সহায়তা সাইপ্রাসের পররাষ্ট্রনীতির মৌলিক নীতিগুলোর মধ্যে অন্যতম।’
গত বুধবার নেপাল-চীন সীমান্তের কাছে একটি ভূমিধসের পর ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে বিপুল পরিমাণ পানি, বরফ ও ধ্বংসাবশেষ নদীর অববাহিকায় প্রবল বেগে নেমে আসে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সোমবার পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ৯০৩ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২৪৭ জন।
প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ভারত ও চীনের কাছে বিশেষ সহায়তা চেয়েছে নেপাল।








