ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপের পরমাণু ঢাল সরাতে চান পুতিন
- পূর্ব ইউরোপ থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের শর্ত
- রাশিয়ার শর্ত প্রত্যাখ্যান ব্রিটেন ও ফিনল্যান্ডের

সমুদ্রের গভীরে নিঃশব্দে ঘুরে বেড়ায় পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ। দৃশ্যমান নয় তাদের অবস্থান। কিন্তু সেই অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে ইউরোপের বহু দেশের নিরাপত্তা। ছয় দশকের বেশি সময় ধরে ব্রিটেনের পারমাণবিক অস্ত্র পশ্চিমা মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি বহন করছে। এবার সেই সুরক্ষাবলয় সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিনিময়ে ইউক্রেনযুদ্ধ বন্ধের সম্ভাবনা। প্রশ্ন উঠেছে, শান্তির নামে কি ইউরোপের নিরাপত্তার মানচিত্রই বদলে দিতে চাইছে মস্কো?
গত শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়ার দেওয়া শর্তের মধ্যে রয়েছে ব্রিটেনের পারমাণবিক অস্ত্র দিয়ে ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা বন্ধ করা। ফ্রান্সের ক্ষেত্রেও একই দাবি জানিয়েছে মস্কো। গত ১০ নভেম্বর তৈরি রুশ আলোচকদের নথিতে এসব শর্ত উল্লেখ রয়েছে। তবে এটি প্রাথমিক আলোচনার প্রস্তাব। কোনো চূড়ান্ত শান্তিচুক্তি নয়।
রাশিয়ার দাবি, পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চল থেকে ন্যাটো বাহিনী সরাতে হবে। সামরিক জোটটিকে ফিরে যেতে হবে ১৯৯৭ সালের অবস্থানে। ফিনল্যান্ডের সদস্যপদ বাতিল করতে হবে। ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনও বন্ধ রাখতে হবে।
এখানেই শেষ নয়। ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ সম্পূর্ণ বন্ধের শর্তও দিয়েছে মস্কো। দেশটি ন্যাটোতে যোগ দিতে পারবে না। যুদ্ধের পর রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ড মস্কোর নিয়ন্ত্রণেই রাখতে চায় ক্রেমলিন।
বিনিময়ে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানে আপত্তি না-ও জানাতে পারে রাশিয়া। তবে ইউরোপীয় জোটটির যৌথ প্রতিরক্ষাব্যবস্থায় অংশ নিতে পারবে না কিয়েভ।
ব্রিটেনের বর্তমান পারমাণবিক প্রতিরক্ষাব্যবস্থা ট্রাইডেন্ট নামে পরিচিত। ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা রয়েছে এতে। ১৯৬২ সাল থেকে ন্যাটোর সম্মিলিত নিরাপত্তায় নিজস্ব পারমাণবিক শক্তি যুক্ত রেখেছে ব্রিটেন। তবে অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর।
এই বিরোধ নতুন নয়। ২০২১ সালের শেষ দিকে ন্যাটোর সম্প্রসারণ বন্ধের দাবি জানিয়েছিল মস্কো। পরের বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
নতুন দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ব্রিটেন। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, ‘ইউরোপের নিরাপত্তাব্যবস্থা আলোচনার বিষয় নয়। ইউরোপ নিজের নিরাপত্তার সিদ্ধান্ত নিজেই নেবে।’
ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হ্যাকানেনও ন্যাটো সদস্যপদ নিয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, ‘এমন বিষয় নিয়ে দরকষাকষির প্রশ্নই ওঠে না।’
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শান্তি আলোচনা এগিয়ে নিচ্ছেন। ইউক্রেনের ভূখণ্ড ও ন্যাটো সদস্যপদ নিয়ে এখনো গভীর মতবিরোধ রয়েছে।



