শত্রুর নয়, সহকর্মীর গুলিতে প্রাণ গেল রুশ সেনার

ছবি: রয়টার্স
শত্রুর গুলির মুখে নয়, নিজের শিবিরেই ঝরে গেল এক রুশ সেনার প্রাণ। রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় সহকর্মীদের লক্ষ্য করে এক সেনাসদস্যের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন এক রুশ সেনা। হামলার সময় ছোড়া গুলিতে আরও তিন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েকজন সেনাসদস্য। কী কারণে এই রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন সেভাস্তপলের গভর্নর মিখাইল রাযভোযায়্যভ।
তিনি জানান, গুলি চালানো সেনাসদস্যকে আটক করা হয়েছে। তবে হামলার পেছনের উদ্দেশ্য বা কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
রাযভোযায়্যভ বললেন, ‘ঘটনার সব দিক এবং এর কারণ খতিয়ে দেখা হচ্ছে।’ একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
কৃষ্ণ সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপদ্বীপ ক্রিমিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া। এরপর থেকেই রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে অঞ্চলটি।






