চীন-যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর সমঝোতা, এআই নিয়েও হবে আলোচনা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের রেড রুমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানের সঙ্গে চা পান অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ছবি / রয়টার্স
চীন ও যুক্তরাষ্ট্র ৩০ বিলিয়ন ডলারের পণ্যে পারস্পরিক শুল্ক কমাতে সম্মত হয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনাও শুরু করবে দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর দুই দেশ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার শেষ হওয়া তিন দিনের শি-ট্রাম্প বৈঠকে এ সমঝোতা হয়েছে। চীনা প্রেসিডেন্ট এরই মধ্যে বেইজিংয়ে ফিরেছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য, কাঠ ও প্রসাধনীর মতো পণ্যে শুল্ক কমানো হবে। একই সুবিধা পাবে চীন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া ছোট বৈদ্যুতিক যন্ত্র, খেলনা ও সাজসজ্জার পণ্য। দুই দেশের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের সংবেদনশীল নয়—এমন পণ্যে শুল্ক কমানোর বিষয়ে সমঝোতা হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ একটি বাণিজ্য পরিষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কুয়ালালামপুরে আগের আলোচনার ফলও কার্যকর রাখার বিষয়ে সম্মত হয়েছে।
এর আগে দুই দেশ তাদের আপাতত বাণিজ্য সমঝোতার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে। এই বিরতি ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তের ফলে বড় ধরনের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য আরও সময় পাওয়া যাবে।
হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’র বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ শব্দটি ব্যবহারে সম্মত হয়েছেন। চীনও এই নতুন শব্দ ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছে।
এ ছাড়া এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা জোটের (এপেক) নেতাদের বৈঠক ও জি-২০ সম্মেলন আয়োজনেও একে অন্যকে সহযোগিতা করবে চীন ও যুক্তরাষ্ট্র। দুই দেশের নেতারা অন্য দেশের আয়োজিত এসব বৈঠকেও অংশ নেবেন।
পররাষ্ট্রনীতির বিষয়ে দুই দেশ জানিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। আন্তর্জাতিক নৌপথে কোনো দেশ বা প্রতিষ্ঠানকে চলাচলের জন্য টোল বসানোর সুযোগ দেওয়া উচিত নয় বলেও দুই পক্ষ সম্মত হয়েছে।
সূত্র : রয়টার্স




