ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ অর্ধলাখ

ছবি : রয়টার্স
শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা এখন ৬০০ ছুঁইছুঁই। আহত হয়েছেন প্রায় তিন হাজার দেশি-বিদেশি নাগরিক। আর নিখোঁজ রয়েছেন অর্ধলাখ বাসিন্দা।
আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি বলেছেন, ‘আমরা আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছি।’
তবে আহতের সংখ্যা নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট এই সংখ্যা ২ হাজর ৯৮০ বললেও, এর আগে তার সরকারের স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান এই সংখ্যা ৪ হাজার ৩০০ জনের বেশি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরপর দুটি ভূমিকম্পে হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে উত্তরাঞ্চলীয় উপকূলীয় রাজ্য লা গুয়াইরায়। সেখানকার ৭০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়েছে শতাধিক ভবন।
ভেনেজুয়েলার ২৩টি রাজ্যের মধ্যে অন্যতম লা গুয়াইরার জনজংখ্যা আনুমানিক ৪ লাখ ৮০ হাজার। উত্তর উপকূল বরাবর অবস্থিত এই রাজ্যে রয়েছে দেশটির অন্যতম প্রধান সমুদ্রবন্দর ও প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর।
সূত্র : রয়টার্স, গার্ডিয়ান





