দক্ষিণ কোরিয়ায় অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের, রাগান্বিত কিমের দেশ

সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের উন্নত আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদনের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, এই পদক্ষেপ কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়াবে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করেন, আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়লেও ওয়াশিংটন ও সিউল পরিকল্পিতভাবে সামরিক সহযোগিতা জোরদার করে কোরীয় উপদ্বীপ ও আশপাশের এলাকায় উত্তেজনা চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে।
ওই কর্মকর্তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি আসলে ‘যুদ্ধ রপ্তানি’। তার মতে, মার্কিন অস্ত্র আমদানি মানে উত্তেজনা ও সংঘাত সঞ্চয় করা।
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রায় ৩০ কোটি ডলারের একটি অস্ত্র বিক্রির প্যাকেজ অনুমোদন দেয়। এর মধ্যে রয়েছে ৭০টি এআইএম-১২০সি-৮ অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল এবং সংশ্লিষ্ট সরঞ্জাম।


