ট্রাম্পের পছন্দের প্রার্থীকে ডব্লিউএফপি প্রধান হিসেবে সুপারিশ জাতিসংঘ মহাসচিবের

লুক লিন্ডবার্গ
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরবর্তী প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থীকে গ্রহণ করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা লুক লিন্ডবার্গকে এই পদের জন্য সুপারিশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও এফএওর প্রধান ছু দংইউ।
ডব্লিউএফপির প্রধান হওয়ার দৌড়ে ছিলেন প্রায় ৫৪ জন প্রার্থী। প্রাথমিক বাছাইয়ে তাদের মধ্য থেকে ৯ জনকে রাখা হয়েছিল। এখন লিন্ডবার্গের মনোনয়ন অনুমোদনের অপেক্ষায় রয়েছে ডব্লিউএফপির বোর্ড।
১১ সেপ্টেম্বর ডব্লিউএফপির বোর্ডপ্রধানকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা লিন্ডবার্গকে গুতেরেস এবং চীনের নাগরিক ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান ছু দংইউ সুপারিশ করেছেন।
চিঠিতে বলা হয়েছে, এই পদে প্রায় ৫৪ জন আবেদন করেছিলেন। তবে তাদের নাম উল্লেখ করা হয়নি।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক রয়টার্সকে বলেছেন, নিয়োগ কমিটির পক্ষ থেকে এই পদের জন্য একটি সুপারিশ গ্রহণ করেছে জাতিসংঘ। এরপর সেই সুপারিশ ডব্লিউএফপির কাছে পাঠানো হয়েছে। এখন বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের এক কর্মকর্তা জানান, ডব্লিউএফপির বোর্ড শুক্রবার লিন্ডবার্গের মনোনয়ন অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে।
ডব্লিউএফপির তথ্য অনুযায়ী, চলতি বছর প্রায় ৩০ কোটি মানুষ সংকটজনক মাত্রার ক্ষুধার মুখে রয়েছে। ইরান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
জাতিসংঘ ও এফএওর যৌথ উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত বিশ্ব খাদ্য কর্মসূচির লক্ষ্য হলো বিশ্বজুড়ে খাদ্যসংকট দেখা দিলে জরুরি সহায়তা দেওয়া।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমলেও দেশটি এখনও ডব্লিউএফপির সবচেয়ে বড় দাতা। ঐতিহ্যগতভাবে সংস্থাটির প্রধান হিসেবে রিপাবলিকান পার্টির একজন মার্কিন নাগরিকই দায়িত্ব পালন করে আসছেন।
রোমভিত্তিক এই সংস্থাকে দেওয়া যুক্তরাষ্ট্রের কিছু অনুদান নগদ অর্থের বদলে খাদ্য বা অন্যান্য পণ্য হিসেবে দেওয়া হয়। কিছু অনুদানে শর্ত থাকে, সেই খাদ্য অবশ্যই যুক্তরাষ্ট্রে উৎপাদিত হতে হবে। এর মাধ্যমে মার্কিন কৃষি ব্যবসাগুলোও সহায়তা পায়।




