সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ফাইল ছবি / রয়টার্স
মাসব্যাপী দাবানলের কারণে সৃষ্ট আন্তসীমান্ত ধোঁয়ায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। স্থানীয় সময় রবিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হওয়া আসিয়ান সম্মেলনের এক অধিবেশনে তিনি এ ক্ষমা চান।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রায় চার মাস সময় লেগেছে বলে জানিয়েছেন প্রাবোও। এ সময় আগুনের ধোঁয়া প্রতিবেশী দুই দেশে ছড়িয়ে পড়ে।
প্রাবোও বলেছেন, ‘আমাদের প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে ক্ষমা চাইছি। আমাদের দেশে বড় ধরনের দাবানল হয়েছিল, যা নিয়ন্ত্রণে আনতে প্রায় চার মাস লেগেছে। সেই ধোঁয়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়েছিল। এটি আমাদের দোষ নয়, তা বলছি না। আবারও ক্ষমা চাইছি। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’
দাবানলে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। দাবানল প্রতিরোধে নতুন একটি সংস্থা গঠনের প্রস্তুতির কথাও বলেছেন প্রাবোও।
বিবৃতিতে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, দাবানলে ভূমিকা রাখা কোনো কোম্পানির বিরুদ্ধে ইন্দোনেশিয়ার ‘শূন্য সহনশীলতা’ নীতি রয়েছে। ইতিমধ্যে ১৭টি কোম্পানির অনুমতি বাতিল করা হয়েছে। ২৬টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে, ১১টির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আরও ২৩টি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনার প্রস্তুতি চলছে। সব মিলিয়ে ১০৪টি কোম্পানি পুলিশের তদন্তের আওতায় রয়েছে।
দাবানল মোকাবিলায় ৭১ হাজার বনকর্মী মোতায়েন করা হয়েছিল। আগুন নেভাতে গিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন প্রাবোও।
গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখে পড়েছে ইন্দোনেশিয়া। সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে। গত কয়েক মাসে আগুনের ধোঁয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী সিঙ্গাপুর ও মালয়েশিয়া। তবে দেশ দুটি ইন্দোনেশিয়ার সমালোচনা না করে আগুন নেভাতে সহায়তার প্রস্তাব দিয়েছে।
২০০২ সালের আসিয়ান আন্তসীমান্ত ধোঁয়া দূষণবিষয়ক চুক্তিতে সদস্য দেশগুলো এ সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। তবে চুক্তিতে কোনো বিচারিক সংস্থার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। বিরোধ নিষ্পত্তির পথ হিসেবে আলোচনার কথা বলা হয়েছে।
এদিকে, সাম্প্রতিক বৃষ্টিপাত ও ইন্দোনেশিয়ার সুমাত্রা ও কালিমান্তান অঞ্চলে আগুনের কেন্দ্র কমে আসায় পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃহস্পতিবার আসিয়ানের বিশেষায়িত আবহাওয়া কেন্দ্র দক্ষিণ-পূর্ব এশিয়ার দক্ষিণাঞ্চলে আন্তসীমান্ত ধোঁয়া দূষণ নেই বলে জানিয়েছে।
সূত্র : আলজাজিরা




