সাবেক প্রেসিডেন্টকে নিয়ে ফেসবুকে ভিডিও বার্তা, জার্মান রাষ্ট্রদূতকে সতর্ক করল মিয়ানমার

জার্মান রাষ্ট্রদূত মাথিয়াস ল্যাশ ও জান্তার উপ পররাষ্ট্রমন্ত্রী কো কো কিয়াও
অং সান সু চি সরকারের প্রেসিডেন্ট ইউ উইন মাইন্টকে তার ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা পোস্ট করেছিলেন মিয়ানমারের জার্মান রাষ্ট্রদূত মাথিয়াস ল্যাশ। মূলত বিগত ৬ মাস ধরে তিনি মাইন্টের সঙ্গে দেখা করার কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু ব্যর্থ হয়ে গত রবিবার দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তা পোস্ট করেন।
পোস্টে তিনি জানান, প্রেসিডেন্ট মাইন্টকে কারামুক্তি দেওয়া হলেও আদতে তিনি মুক্ত নন। তার সঙ্গে কাউকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে। অইদিন তার ৭৫তম জন্মদিনের শুভেচ্ছাও জানান এই জার্মান কূটনীতিক।
এ বিষয়ে আজ মঙ্গলবার জার্মান রাষ্ট্রদূত মাথিয়াস ল্যাশকে তলব করেছে জান্তার উপ পররাষ্ট্রমন্ত্রী কো কো কিয়াও। পরবর্তীতে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৮ নভেম্বর দূতাবাসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা ভিডিওর বিষয়ে ডেকে তাকে সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান যদি ইউ উইন মাইন্টকেই মিয়ানমারের প্রেসিডেন্ট মনে করেন এবং সে কারণে বর্তমান সরকারের সঙ্গে কাজ না করে দায়িত্ব ত্যাগ করতে চান, তবে তাকে আটকানো হবে না।
রেঙ্গুনে অনুষ্ঠিত ওই তলবি বৈঠকে কো কো কিয়াও জানান, জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য রাষ্ট্রপ্রধানের অবমাননার শামিল। একই সঙ্গে নির্বাচনে ভোট দেওয়া ১ কোটি ৩১ লাখের বেশি জনগণের প্রতিও এটি এক ধরণের চরম অবজ্ঞা।
এ ছাড়া দূতাবাসের ওই বক্তব্য এবং ভিডিও ধারণের পদ্ধতিকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে। এতে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরিতে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।
এর আগে, গত ৮ নভেম্বর এক বক্তব্যে জার্মান কূটনীতিক মাথিয়াস ল্যাশ জানান, জাতিসংঘ স্বীকৃত মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ উইন মাইন্টের সঙ্গে দেখা করার চেষ্টা করেও গত ছয় মাসে তিনি কোনো অনুমতি পাননি।
বর্তমান ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) প্রেসিডেন্ট মাইন্টের ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা বার্তার ভিডিওতে জার্মান দূতাবাসের এই শীর্ষ কর্মকর্তা রেঙ্গুনে তামওয়ে শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলেন। উইন মাইন্ট আগে এখানে থাকতেন।
তিনি উল্লেখ করেন, চলতি ২০২৬ সালের এপ্রিলে উইন মাইন্টকে কারাগার থেকে মুক্ত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছিল জার্মানি। তবে কারামুক্তির পর উইন মাইন্ট স্বাধাীনভাবে অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করতে বা অন্যদের সঙ্গে অবাধে যোগাযোগ রাখতে পারছেন কি না— সে বিষয়ে জার্মানির উদ্বেগ রয়েছে।
ভিডিওতে জার্মান দূতাবাসের প্রধান অং সান সু চি’সহ মিয়ানমারে অন্যায়ভাবে আটক সবাইকে অবিলম্বে ও শর্তহীনভাবে মুক্তি দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন। মিয়ানমারের চলমান সংঘাত অবসানে সব পক্ষের অংশগ্রহণে অর্থবহ আলোচনার আহ্বানও জানায় জার্মানি।
অন্যদিকে, নেপিদোর পক্ষ থেকে বলা হয়, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসের অনুচ্ছেদ অনুযায়ী, কূটনীতিকদের উচিত স্বাগতিক দেশের আইন মেনে চলা এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এই ভিডিও প্রকাশ করা হয়েছে কি না, সে বিষয়ে লিখিত স্পষ্টীকরণ চেয়েছে মিয়ানমার। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার তাগিদ দিয়ে জানিয়েছে। পুনরাবৃত্তি হলে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
তথ্যসূত্র: বিবিসি বার্মিজ




