মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনে ‘শীর্ষে’ বাংলাদেশিরা

ছবি: রয়টার্স
মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত ভঙ্গের দায়ে আটক বিদেশিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এমনটাই জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
তার দেওয়া তথ্য অনুযায়ী, তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন থাই নাগরিকরা। তাদের বিরুদ্ধে ৪ হাজার ৮৫৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এ ছাড়া ইন্দোনেশিয়ার নাগরিকদের বিরুদ্ধে ২ হাজার ১৫৪টি, চীনের নাগরিকদের বিরুদ্ধে ১ হাজার ২০৭টি, ভিয়েতনামের নাগরিকদের বিরুদ্ধে ১ হাজার ৪৬টি এবং পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে ৮২৩টি ঘটনা পাওয়া গেছে। গত বুধবার সংসদে লিখিত জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় ওই সময়ে ১৮ হাজার ৮৩৮টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে।
২০২৩ সাল থেকে সামাজিক ভ্রমণ পাস নিয়ে কাজ করার অভিযোগে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির জাতীয়তা ও কর্মক্ষেত্রভিত্তিক পরিসংখ্যান জানতে চেয়েছিলেন বারিসান ন্যাশনাল জোটের আয়র হিতাম আসনের সংসদ সদস্য দাতুক সেরি ড. উই কা সিয়ং। তার প্রশ্নের জবাবে এসব তথ্য দেন সাইফুদ্দিন।
তবে মন্ত্রণালয়ের জবাবে খাতভিত্তিক কোনো পরিসংখ্যান দেওয়া হয়নি।
তালিকায় মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে ৫৩১টি, ভারতের নাগরিকদের বিরুদ্ধে ৫০০টি, নেপালের নাগরিকদের বিরুদ্ধে ৩২৮টি, লাওসের নাগরিকদের বিরুদ্ধে ১৭২টি এবং ফিলিপাইনের নাগরিকদের বিরুদ্ধে ১৫৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে। বাকি ঘটনাগুলো অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট।
সাইফুদ্দিন বলেন, সামাজিক ভ্রমণ পাস কিংবা সামাজিক ভ্রমণ ও পর্যটনের জন্য দেওয়া ভিসা অব্যাহতি কোনো বিদেশি নাগরিককে মালয়েশিয়ায় কাজ করা বা ব্যবসা পরিচালনার অধিকার দেয় না।
তিনি বললেন, ‘কোনো বিদেশি নাগরিক ইস্যু করা পাসের শর্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।’
তিনি আরও বলেন, বৈধ পাস ও ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশিদের কাজ করা কিংবা বাণিজ্যিক, ব্যবসায়িক বা অন্যান্য বাণিজ্যসংক্রান্ত কর্মকাণ্ডে যুক্ত হওয়া নিষিদ্ধ।
যারা ব্যবসা পরিচালনা করতে চান, তাদের লাইসেন্সসংক্রান্ত শর্তও পূরণ করতে হবে। পাশাপাশি অভিবাসন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
ভিসা ছাড়াই কিংবা সামাজিক ভ্রমণ পাস নিয়ে মালয়েশিয়ায় প্রবেশের পর বিদেশিরা অবৈধভাবে বাণিজ্যিক ও খুচরা ব্যবসায় যুক্ত হচ্ছেন— বিভিন্ন চেম্বার অব কমার্সের এমন অভিযোগের বিষয়ে সাইফুদ্দিন বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশ জুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ।
এসব অভিযানে ৭২ হাজার ৮৫৪ জনকে তল্লাশি করা হয়। পাসের শর্ত ভঙ্গের দায়ে আটক করা হয় ২ হাজার ৩০৬ জন অনিবন্ধিত অভিবাসীকে।
একই সময়ে বৈধ ভ্রমণ নথি বা পাস ছাড়া বিদেশিদের নিয়োগ দেওয়ার অভিযোগে ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাইফুদ্দিন জানান, এ সময়ে ‘অপস সেলেরাহ’ নামে ৭৫৯টি অভিযান চালিয়ে ২ হাজার ৩৩৮ জনকে আটক করা হয়। ‘অপস বেলাঞ্জা’ নামে ৪০৯টি অভিযানে আটক হন ৫৮৯ জন এবং ‘অপস জাজা’ নামে ৭৫টি অভিযানে আটক হন ৯০ জন।
তিনি বলেছেন, অভিবাসন বিভাগ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে নজরদারি ও তল্লাশির জন্য কর্মকর্তাদেরও নিয়োগ করেছে। পাস ও পারমিটের শর্ত ভঙ্গ করে বিদেশিদের নিয়োগ দেওয়া বা আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে—এমন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও নিয়োগকর্তাদের পরামর্শ দেওয়া এবং সতর্ক করার কাজও করছেন তারা।
সাইফুদ্দিন বললেন, ‘অভিবাসন ব্যবস্থার যেকোনো ধরনের অপব্যবহারের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে।’
সূত্র: দ্য স্টার



