নয়াদিল্লি
নেপাল-ভারত সীমান্ত বিরোধ সমাধানে তৃতীয় পক্ষের ভূমিকা নেই

সংগৃহীত ছবি
নেপাল-ভারত সীমান্ত বিরোধ সমাধানে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। এমনটাই বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জোর দিয়ে বলেছে, বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমেই অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হওয়া উচিত।
মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সীমান্তসংক্রান্ত বিষয়গুলো সমাধানে প্রতিষ্ঠিত কাঠামোর মধ্য দিয়েই কাজ করছে দুই দেশ।
জয়সওয়াল বললেন, ‘সীমান্ত সমস্যা সমাধানের জন্য আমাদের দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। ভারত ও নেপালের মধ্যে যে দ্বিপক্ষীয় বিষয়গুলো রয়েছে, সেখানে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই।’
নেপালের পারলামেন্টে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের দেওয়া বক্তব্য নিয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রবিবার শাহ বলেছিলেন, লিপুলেখ সীমান্ত ইস্যু নিয়ে চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও হচ্ছে আলোচনা।
শাহ সংসদ সদস্যদের বলেছিলেন, ‘আমরা শুধু ভারত ও চীনের সঙ্গেই নয়, ব্রিটিশ সরকারের সঙ্গেও কথা বলেছি। আজ আমরা যেসব সমস্যার মুখোমুখি, সেগুলোর শিকড় ব্রিটিশ ভারত অঞ্চল ছেড়ে যাওয়ার সময়কার পরিস্থিতিতে। তাই আমরা মনে করি যুক্তরাজ্যেরও এতে সম্পৃক্ত থাকা উচিত। আমি আশ্বস্ত করছি, এসব বিষয় সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, বিভিন্ন সময়ে একে অপরের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে দুই দেশই।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জয়সওয়াল বলেছেন, প্রধানমন্ত্রী ও নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য নোট করেছে ভারত।
তিনি জানান, নেপাল-ভারত সীমান্তের প্রায় ৯৮ শতাংশ ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে, তবে এখনো বিরোধ রয়ে গেছে কিছু অংশে।
তিনি বললেন, ‘কিছু অংশে এখনো কিছু বিষয় নিষ্পত্তি হয়নি। গণ্ডক (নারায়ণী) নদীর গতিপথ পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া মানচিত্রে চিহ্নিত এলাকা ও নো-ম্যানস ল্যান্ডে অনুপ্রবেশের ঘটনাও রয়েছে। যৌথভাবে মানচিত্রায়ন ও যাচাইয়ের কাজের মাধ্যমে এসব বিষয় সমাধানের চেষ্টা চলছে।’




