ইন্দোনেশিয়ায় কারখানায় আগুন লেগে নিহত ২৪, নিখোঁজ ৩০

আগুনে পুড়ে যাওয়া কারখানা— রয়টার্স
ইন্দোনেশিয়ায় শনিবার আগুনে পুড়ে গেছে একটি কারখানা। এ ঘটনায় সোমবার ২৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ প্রায় ৩০ জনের সন্ধানে ঝুঁকিপূর্ণ, অস্থিতিশীল কাঠামোর মধ্যে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
রাজধানী জাকার্তা থেকে গাড়িতে প্রায় এক ঘণ্টার দূরত্বে বানতেন প্রদেশের চিকান্দেতে পিটি ফনুসা আগুং মুলিয়া মিষ্টান্ন কারখানার একটি ভবনে শনিবার সন্ধ্যায় আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।
শ্রমবিষয়ক প্রেসিডেন্টের উপদেষ্টা সাইদ ইকবাল বলেন, আগুনে ২৪ জনের মৃত্যু হয়েছে। কারখানায় নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হচ্ছিল কি না, তা যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি। এ বিষয়ে কারখানার প্রধান নির্বাহীকে তলব করবেন বলে জানান সাইদ।
সাইদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক প্রতিবেদনগুলোতে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা বলা হয়েছে।
কারখানাটির মালিক ইউনাইটেড ফ্যামিলি ফুড। তাদের মোট কর্মী প্রায় ৫ হাজার। দেশের ভোক্তাপণ্য বাজারে প্রতিষ্ঠানটি বড় সরবরাহকারী; বিদেশেও তাদের চারটি কার্যালয় রয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, তাদের পণ্যের মধ্যে রয়েছে জনপ্রিয় মিষ্টান্ন ব্র্যান্ড মিলকিটা এবং লেমনিলো নামের এক ধরনের ইনস্ট্যান্ট নুডলস।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভেন আরউইন উইজায়া বলেন, কারখানা প্রাঙ্গণে শনিবারের শিফটে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন।
বানতেনের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল আমরাদ জানান, সোমবারও তল্লাশি চলেছে। তবে আগুনের অবশিষ্ট উত্তপ্ত স্থান এবং ভবনটির ক্রমেই দুর্বল হয়ে পড়া কাঠামো উদ্ধারকর্মীদের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।
তিনি বলেন, ২৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা দেহাংশভর্তি ২৪টি ব্যাগ সরিয়ে নিয়েছেন। তবে ঘটনাস্থলে থাকা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি বলেন, আগুনের তীব্রতার কারণে উদ্ধার হওয়া ব্যক্তিদের চেহারা দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ চলছে, যা শেষ হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট



