দক্ষিণ কোরিয়ায় ‘বাস আবাসন’ প্রস্তাবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ট্রল

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কন্টেন্ট এর স্ক্রিনশট। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় তরুণদের আবাসন সংকট মোকাবিলায় বাতিল হয়ে যাওয়া বাসকে আবাসনে রূপান্তরের প্রস্তাব দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা হোয়াং হি। বিশ্ববিদ্যালয় এলাকার কাছে এসব বাস স্বল্পমেয়াদি আবাসন হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন তিনি। তবে তরুণদের একাংশের অভিযোগ, আবাসন সংকটের মূল কারণ সমাধানের বদলে তাদের জন্য এমন প্রস্তাব দেওয়া বাস্তবতা ও মর্যাদা— দুটিকেই উপেক্ষা করছে।
হোয়াং হির প্রস্তাবটি ডাচদের ‘বোট হাউজ’ ধারণা থেকে অনুপ্রাণিত। তার পরিকল্পনা অনুযায়ী, বাতিল হয়ে যাওয়া বাসগুলো সংস্কার করে আবাসনে রূপান্তর করা হবে। বিশ্ববিদ্যালয় এলাকার কাছে প্রতি ইউনিটে প্রায় ৫ কোটি কোরিয়ান ওয়ান খরচ করে এসব বাস স্বল্পমেয়াদি আবাসন হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে তিনি প্রস্তাব দিয়েছেন।
তবে প্রস্তাবটি প্রকাশের পর ২০ ও ৩০ বছর বয়সী তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বাড়ির দাম, ভাড়া, কর্মসংস্থান ও ঋণ পাওয়ার সীমাবদ্ধতার মতো মূল সমস্যাগুলো সমাধান না করে বাসে বসবাসের পরামর্শ দেওয়া সমস্যার সমাধান নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রস্তাবটি নিয়ে ব্যাপক ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়েছে। এক্স ও থ্রেডসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে নানা ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট ও মিম। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভিডিওতে বাসের ভেতরের অস্বাস্থ্যকর ও নিম্নমানের পরিবেশ দেখিয়ে প্রস্তাবটিকে ব্যঙ্গ করা হয়েছে।
বিশেষজ্ঞদেরও কেউ কেউ মনে করছেন, তরুণদের বাস্তব সংকট সম্পর্কে রাজনীতিকদের ধারণার ঘাটতি রয়েছে। আবাসন, কর্মসংস্থান ও বিয়ের মতো বিষয়গুলো নিয়ে তরুণদের যে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা তৈরি হয়েছে, এ ধরনের প্রস্তাব সেই সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।




