Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

নতুন নেপাল, পুরনো প্রতিবেশী: প্রথম ভারত সফরে কতটা সফল হবেন বালেন্দ্র?

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৯:০৫
শেয়ার করুন:
নতুন নেপাল, পুরনো প্রতিবেশী: প্রথম ভারত সফরে কতটা সফল হবেন বালেন্দ্র?

ভারতে বালেন্দ্রকে স্বাগত জানান দেশটির বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ— এক্স

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ভারত সফর দুদেশের সম্পর্ক নতুন করে সাজানোর প্রত্যাশা তৈরি করেছে। নেপালের নতুন রাজনৈতিক প্রজন্মের নেতাদের সঙ্গে প্রতিবেশী বৃহৎ শক্তি ভারতের শীর্ষ নেতৃত্বের এটাই প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।

গত মার্চে বালেন্দ্রর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিশাল জয়ের মাধ্যমে ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় সফর। এর ছয় মাস আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন জি প্রজন্মের আন্দোলনে কে পি শর্মা ওলির সরকারের পতন ঘটে।

র‍্যাপার থেকে রাজনীতিক বনে যাওয়া ৩৬ বছর বয়সী বালেন্দ্র দুদিনের সফরে রবিবার নয়াদিল্লি পৌঁছান। সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালু এবং গত আগস্টে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর পুনর্গঠনে সহায়তার প্যাকেজসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বৈঠকে।

হিমালয় অঞ্চলের দেশটিতে ওই দুর্যোগে ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়। এখনো নিখোঁজ হাজারো মানুষ।

ভারত ও নেপালের মধ্যে জাতিগত, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুদেশের মধ্যে ১ হাজার ৭৫০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত প্রায় উন্মুক্ত।

আরও পড়ুন

নেপালের পর ভুটানের ১৭টি হিমবাহ হ্রদেও বিপদের আশঙ্কা

১২ নভেম্বর ২০২৬

ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপাল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি বাফার রাষ্ট্র। বিশ্লেষকদের মতে, দেশটির স্থিতিশীলতার সঙ্গে ভারতের নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে।

তবে কয়েক দশক ধরে ভূখণ্ডগত বিরোধ, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এবং দিল্লির আধিপত্যবাদী ‘বড় ভাইসুলভ’ মনোভাব নিয়ে নেপালের অনেকের অসন্তোষ দুদেশের সম্পর্কে টানাপড়েন তৈরি করেছে।

তারপরও বিশ্লেষকরা বালেন্দ্রর সফরকে সম্পর্ক নতুন করে গড়ে তোলার সুযোগ হিসেবে দেখছেন।

নেপালে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত রঞ্জিত রায় বললেন, ‘নেপালের নতুন নেতৃত্ব বলছে, অতীতের রাজনৈতিক বোঝা তাদের নেই। তারা উন্নয়ন, কূটনীতি ও অর্থনৈতিক অংশীদারত্বের ওপর মনোযোগ দিতে চায়।’

তার ভাষায়, ‘তাদের অবস্থান আগের তুলনায় বেশি বাস্তববাদী, আদর্শিক বিবেচনা কম। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এটি আশাবাদী হওয়ার মতো একটি সময়।’

২০০৮ সালে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে দেশটির শাসনব্যবস্থায় তিনটি রাজনৈতিক দলের আধিপত্য ছিল।

দিল্লি এই দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। দলগুলো হলো কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন-ইউএমএল), নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী সেন্টার)।

আদর্শিক সম্পর্কের কারণে নেপালের কমিউনিস্ট দলগুলোকে ভারতের প্রতিদ্বন্দ্বী চীনের ঘনিষ্ঠ বলে মনে করা হতো। দুদেশের মধ্যে যেসব চুক্তি হয়েছে, সেগুলোকে অসম মনে করে প্রায়ই দিল্লির সমালোচনা করেছে দলগুলো।

কৌশলগত অবস্থানের কারণে কাঠমান্ডুতে প্রভাব বিস্তার নিয়ে দিল্লি ও বেইজিংয়ের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। এর ফলে এশিয়ার দুই বৃহৎ শক্তির বিরুদ্ধে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগও উঠেছে।

তবে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক শুধু কূটনীতি ও কৌশলগত স্বার্থের মধ্যে সীমাবদ্ধ নয়।

হিন্দু সংখ্যাগরিষ্ঠ দুদেশের মধ্যে গভীর সামাজিক সম্পর্ক রয়েছে। উন্মুক্ত সীমান্তের দুই পাশে অনেক পরিবারের বসবাস। সীমান্তবর্তী জনগোষ্ঠীর মানুষের মধ্যে প্রতিদিনই যোগাযোগ ও যাতায়াত চলে।

দুদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৯০০ কোটি ডলারের বেশি। তবে এই বাণিজ্যে ভারতের পাল্লাই ভারী। দীর্ঘদিন ধরে এটি কাঠমান্ডুর অসন্তোষের একটি কারণ। নেপালের পেট্রোলিয়াম পণ্য ও বেশ কিছু খাদ্যপণ্যের প্রধান সরবরাহকারী ভারত। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে নেপালের বাণিজ্যের জন্যও ভারতের ভূখণ্ড গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট।

দুই দেশের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র জলবিদ্যুৎ। নেপাল থেকে সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রকল্প অনুমোদন করেছে ভারত। আমদানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে দেশটির।

রঞ্জিত রায় বললেন, ‘ভারতে বিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে। আর নেপালের পানিসম্পদ ও ভৌগোলিক অবস্থানের কারণে বিদ্যুৎ উৎপাদনের বড় সম্ভাবনা রয়েছে। এটি শুধু দ্বিপক্ষীয় বিষয় নয়। ভারত হয়ে বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি করে নেপাল।’

আরও পড়ুন

দুই বছর পর কোয়াডের বৈঠকে মুখোমুখি মোদি-ট্রাম্প

১৬ নভেম্বর ২০২৬

বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় নেপালকে সহায়তা করা প্রথম দেশগুলোর মধ্যে অধিকাংশ সময়ই থাকে ভারত। ২০১৫ সালের ভূমিকম্প এবং চলতি বছরের আগস্টের আকস্মিক বন্যার সময়ও সহায়তা দিয়েছিল দেশটি।

ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত ও নেপালের মধ্যে অনেক বিষয়েই আছে মতপার্থক্য।

২০১৯ সালে ভারত একটি মানচিত্র প্রকাশ করে। এতে চীনের সীমান্তসংলগ্ন পশ্চিমাঞ্চলের এমন কিছু এলাকা নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়, যেগুলোর ওপর নেপালেরও দাবি রয়েছে। এতে ক্ষুব্ধ হয় নেপাল। ওই ঘটনার পর এলাকাটি নিয়ে কাঠমান্ডুতে সচেতনতা ও তৎপরতা বেড়ে যায়।

এরপর নেপালও নিজেদের মানচিত্র প্রকাশ করে। তাতে বিরোধপূর্ণ এলাকাগুলো অন্তর্ভুক্ত করা হয়। ফলে দুই দেশের কূটনৈতিক বিরোধ আরও তীব্র হয়।

নেপালের প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক কানক মণি দীক্ষিত বলছিলেন, ‘আশা করি, এবার নেপালের প্রধানমন্ত্রী দিল্লির সঙ্গে সীমান্ত সমস্যাটি নিয়ে কথা বলবেন। তাৎক্ষণিকভাবে সমাধান না হলেও বিরোধ নিষ্পত্তির জন্য আলোচনা শুরু করা উচিত।’

নেপাল দীর্ঘদিন ধরে ভারতের কাছে আরও কয়েকটি আকাশপথ দিয়ে প্রবেশের অনুমতি চেয়ে আসছে। এর ফলে বড় উড়োজাহাজ পশ্চিম দিক থেকে দেশটির নতুন বিমানবন্দরগুলোয় অবতরণ করতে পারবে। বিমানবন্দর দুটি হলো বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান লুম্বিনীর কাছে ভৈরহাওয়া এবং গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র পোখারা।

ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেলে কম দূরত্বে ও কম খরচে উড়োজাহাজ চলাচল সম্ভব হবে। পাশাপাশি ফ্লাইটের সংখ্যা বাড়লে বিমানবন্দরগুলো বাণিজ্যিকভাবেও লাভজনক হয়ে উঠবে।

নেপালের কেউ কেউ মনে করেন, চীনের নর্থওয়েস্ট সিভিল অ্যাভিয়েশন এয়ারপোর্ট নির্মাণকারী প্রতিষ্ঠান গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দরটি নির্মাণ করেছে এবং পোখারা বিমানবন্দরটি চীনের আর্থিক সহায়তায় তৈরি হয়েছে। আর এ বিষয়টি নিয়ে সতর্ক দিল্লি।

বালেন্দ্র এখনো বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রকাশ্যে কোনো উদ্যোগ নেননি। তবে ভারত সফরের আগে গত ১৫ নভেম্বর থেকে ১১ দিনের সফরে চীনে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠান তিনি। দলটিতে তার দলের সংসদ সদস্যরা ছিলেন। নেপালের দুই শক্তিশালী প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে এই সফরকে।

দায়িত্ব নেওয়ার প্রথম বছর বিদেশ সফর না করার অঙ্গীকার করেছিলেন বালেন্দ্র। তবে আগস্টের ভয়াবহ আকস্মিক বন্য বদলে দিয়েছে সেই পরিকল্পনা।

তার সরকারের হিসাব অনুযায়ী, পুনর্গঠনে প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন হবে। কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক সহায়তার যে প্রতিশ্রুতি পাওয়া গেছে, তা প্রত্যাশার তুলনায় কম।

তবে নেপালের কিছু পর্যবেক্ষক মনে করেন, ভারতের মতো গুরুত্বপূর্ণ সফরের প্রস্তুতি বালেন্দ্র ও তার সরকার যথেষ্ট ভালোভাবে নিতে পারেনি।

কানক মণি দীক্ষিত বলছিলেন, ‘প্রধানমন্ত্রী বালেন্দ্র ও তার উপদেষ্টারা তরুণ এবং নতুন। তবে তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। শাসন পরিচালনায় তারা বারবার পর্যাপ্ত বিচক্ষণতার অভাব দেখিয়েছেন। অথচ অত্যন্ত শক্তিশালী প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিচালনার জন্য এই বিচক্ষণতা অপরিহার্য।’

সরকারের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্ত নিয়েও সমালোচনার মুখে পড়েছেন বালেন্দ্র। এর মধ্যে রয়েছে পুলিশপ্রধান দান বাহাদুরকে পদ থেকে সরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোর অভিযোগে তাকে সরানো হয়।

এ ছাড়া সংবাদ পরিবেশনের কারণে কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয়ে পুলিশ পাঠিয়ে সাংবাদিকদের আটক করার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ ওঠে।

ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে কাঠমান্ডুর। তবে বালেন্দ্রর জন্য প্রকৃত পরীক্ষা হবে সফর শেষে সুনির্দিষ্ট অর্জন নিয়ে দেশে ফেরা। দিল্লির কাছ থেকে আর্থিক সহায়তার বিষয়ে বাস্তব প্রতিশ্রুতি আদায় করতে পারলে তা কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে। এতে একই সঙ্গে দেশের ভেতরে তার সরকারের বিরুদ্ধে বাড়তে থাকা সমালোচনার চাপও কমতে পারে।

সূত্র: বিবিসি

নেপালভারতবালেন্দ্র শাহভারত সফর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র