নেপালের পর ভুটানের ১৭টি হিমবাহ হ্রদেও বিপদের আশঙ্কা
- ভারতের উত্তরবঙ্গ ও আসামে বন্যার ভয়

নেপালে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের পর এবার ভুটানের ৬২০টি হিমবাহ হ্রদের মধ্যে ১৭টিকে সম্ভাব্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে দেশটির জাতীয় জলবিদ্যা ও আবহাওয়া কেন্দ্র (এনসিএইচএম)। গত ১১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভুটানের সংবাদমাধ্যম কুয়েনসেল। তবে এই ১৭টি হ্রদই যে যেকোনো সময় ভেঙে পড়বে, তা নয়। ঝুঁকি বিবেচনায় এগুলিকে অগ্রাধিকার দিয়ে পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হচ্ছে।
এর মধ্যেই গত ২৯ অক্টোবর ভুটানের গাসা জেলার শিনতাফু হিমবাহ হ্রদে ভয়াবহ হিমবাহ হ্রদবিস্ফোরণজনিত বন্যা বা গ্লফ হয়। এনসিএইচএমের ১১ নভেম্বরের মূল্যায়ন অনুযায়ী, হিমবাহের একটি বরফের চাঁই ভেঙে ওপরের হ্রদে পড়ে। তাতে তৈরি ঢেউ পাথর ও পলিমাটির বাঁধে আঘাত করে। সেখান থেকে পানি নেমে আসে নিচের হ্রদে। পরে সেই হ্রদের বাঁধও ভেঙে যায়। দুই হ্রদ মিলিয়ে প্রায় ৬১ লাখ ঘনমিটার পানি মো ছু নদীতে নেমে আসে।
এই নদী পুনাখায় ফো ছু নদীর সঙ্গে মিশে পুনা সাং ছু হয়েছে। ভারতে ঢোকার পর নদীটি সংকোশ নামে পরিচিত। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার হয়ে আসামের ধুবড়ি পর্যন্ত প্রবাহিত হয়েছে এটি। ফলে ভুটানে এমন বিপর্যয় হলে তার প্রভাব পড়বে ভারতের উত্তরবঙ্গ ও আসামের নদী তীরবর্তী এলাকায়। ২৯ অক্টোবরের ঘটনার পর দুই রাজ্যেই সতর্কতা জারি করা হয়েছিল। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়।
১৭টি ঝুঁকিপূর্ণ হ্রদের মধ্যে ৯টি ফো ছু অববাহিকায়, ৩টি চামখার ছু, ২টি মো ছু অববাহিকায়। বাকি ৩টি অন্য এলাকায়। এনসিএইচএমের মডেল অনুযায়ী, সম্ভাব্য হ্রদবিস্ফোরণের বন্যায় ১১ হাজারের বেশি মানুষ, ২ হাজার ৫০০টি বাড়ি, ২৫০ কিলোমিটার সড়ক এবং ৪০০টি সেতু ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি পুরোপুরি উপেক্ষার নয়। ভুটানের এই নদীপ্রবাহ শেষ পর্যন্ত ব্রহ্মপুত্র অববাহিকার সঙ্গে যুক্ত। ৫ নভেম্বর ফরাসি গবেষক সিমন গ্যাসকোয়াঁর উপগ্রহচিত্র বিশ্লেষণে দেখা গেছে, বন্যার সঙ্গে নেমে আসা পলির প্রবাহ ছয় দিনে প্রায় ৩৯০ কিলোমিটার পেরিয়ে বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে পৌঁছেছে।



