২৪ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা

মাইক্রোসফটের দপ্তরের সামনে দিয়ে যাচ্ছেন এক তরুণ। ফাইল ছবি / রয়টার্স
বিশ্বজুড়ে যোগাযোগে বিঘ্ন ঘটানো বড় ধরনের সেবা বিপর্যয়ের ২৪ ঘণ্টারও বেশি সময় পর মাইক্রোসফটের ইমেইলসহ বিভিন্ন সেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে এখনো সব সেবা পুরোপুরি চালু হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই বিপর্যয়ে ৭৪টি দেশের ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। মাইক্রোসফট জানিয়েছে, অতিরিক্ত চাপের কারণে তাদের সার্ভারগুলো অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়েছিল। তবে সাইবার হামলা বা কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।
শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ক্ষতিগ্রস্ত সার্ভারগুলোর একটি বড় অংশে সেবা চালু হওয়ার অগ্রগতি আশাব্যঞ্জক। ইমেইল পাঠানো ও গ্রহণের কার্যক্রমও উন্নত হচ্ছে। ইমেইল জমে থাকার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে এবং তা স্বাভাবিক পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।
এই বিপর্যয়ে বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা ও ব্যক্তিরা ব্যবহার করেন—এমন মাইক্রোসফট ৩৬৫ সেবার কার্যক্রম ব্যাহত হয়। এর মধ্যে রয়েছে আউটলুক, টিমস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট।
মাইক্রোসফটের ইতিহাসে এটি অন্যতম দীর্ঘস্থায়ী সেবা বিপর্যয়। চলতি বছর প্রতিষ্ঠানটির সেবায় এ নিয়ে দ্বিতীয়বার বড় ধরনের বিঘ্ন ঘটল।
বিপর্যয়ে কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা জানায়নি মাইক্রোসফট। তবে চলতি বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তাদের বাণিজ্যিক মাইক্রোসফট ৩৬৫ গ্রাহকসংখ্যা ৪৫ কোটির বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৩ লাখ ৮০ হাজার কোটি ডলারের বেশি।
শুক্রবার গ্রিনিচ মান সময় দুপুরে মাইক্রোসফট জানায়, ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইমেইল আদান-প্রদান এবং মাইক্রোসফট ৩৬৫-এর সেবা উন্নত হচ্ছে। তবে কিছু সেবা এখনো অনিয়মিতভাবে কাজ করছে।
বিপর্যয় দ্বিতীয় দিনে গড়ানোর পর বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটে। অনেককে বিকল্প ব্যবস্থায় কাজ চালাতে হয়েছে। কোথাও কোথাও কাজ স্থবির হয়ে পড়ে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বিভিন্ন সরকারকে পরামর্শ দেওয়া ওয়াল্টার পাসকুয়ারেলি বলেছেন, এই বিপর্যয় মূলত যোগাযোগব্যবস্থার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। শুধু বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাই নন, সরকারি সেবা ও অবকাঠামোর বড় একটি অংশও মাইক্রোসফটের সেবার ওপর নির্ভরশীল।
তাইওয়ানের বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এক ব্যবসায়ী জানিয়েছেন, এসব প্রতিষ্ঠানের তথ্য মাইক্রোসফটের ব্যবস্থার মাধ্যমে ইমেইলে বিদেশে তাদের প্রধান কার্যালয়ে পাঠানো হয়। বিপর্যয়ের কারণে তাইপেতে ফ্যাক্স মেশিন ব্যবহার করতে হয়েছে। ইউরোপীয় শেয়ারবাজার পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউরোনেক্সটও কোম্পানিগুলোকে ফোনে লেনদেনের নির্দেশ দিয়েছে।
নরওয়ের পার্লামেন্ট ও কয়েকটি মন্ত্রণালয় ইমেইল ব্যবহারের সুযোগ হারায়। ডেনমার্কের ৮০ থেকে ৯০টি পৌরসভাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জার্মানি, যুক্তরাজ্য ও কানাডার রেল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ট্রেনের সময়সূচি ও ইমেইলে পাঠানো টিকিটের কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসকে কাগজে নথি সংরক্ষণের ব্যবস্থায় ফিরতে হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এবং বিভিন্ন স্থানীয় সরকারও এই বিপর্যয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
মাইক্রোসফটের সেবার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। ৯৭০ কোটি ডলারের একটি চুক্তির আওতায় আগামী জুন থেকে পেন্টাগনের মাইক্রোসফট অবকাঠামো উন্নয়নের কথা রয়েছে। ওই চুক্তিতে মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারের সুযোগও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে সার্ভার বিপর্যয়ের পরও মাইক্রোসফটের প্রতি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের আস্থায় বড় ধরনের প্রভাব পড়েনি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঘটনার পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মাইক্রোসফটের শেয়ারের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে প্রযুক্তিনির্ভর নাসডাক সূচকে সামান্য পতন হয়েছে। চাপে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দরপতন এতে ভূমিকা রেখেছে।
সূত্র : আলজাজিরা




