ক্রোয়েশিয়া-বসনিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৫৩ অভিবাসনপ্রত্যাশীকে নির্যাতনের অভিযোগ

প্রতীকী ছবি
ইউরোপীয় ইউনিয়নের ক্রোয়েশিয়া-বসনিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীকে মারধর এবং জোর করে সীমান্তের ওপারে পাঠানোর অভিযোগ উঠেছে ক্রোয়েশীয় পুলিশের বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নারী ও অপ্রাপ্তবয়স্করাও রয়েছেন। তাদের কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
অস্ট্রিয়াভিত্তিক মানবিক সহায়তা সংস্থা এসওএস বলকানরুটের অভিযোগ, গত ১১ নভেম্বর প্রায় ১৫ জন মুখোশধারী ক্রোয়েশীয় পুলিশ সদস্য অভিবাসনপ্রত্যাশীদের ওপর হামলা চালান। আক্রান্ত ব্যক্তিরা বাংলাদেশ, সুদান, পাকিস্তান, ভারত ও নেপালের নাগরিক। তাদের মধ্যে তিনজন নারী ও দুজন অপ্রাপ্তবয়স্ক।
সংস্থাটির দাবি, রেড ক্রসের সঙ্গে পরিচালিত একটি ভ্রাম্যমাণ দল ছয়টি পৃথক দলে ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে খুঁজে পায়। তাদের মধ্যে পাঁচজনের হাত-পা ভাঙা ছিল এবং মাথায় গুরুতর আঘাত ছিল। পরে তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
এ ছাড়া ১২ জনকে বসনিয়ার লিপা শরণার্থী শিবিরে নেওয়া হয়। তাদের মধ্যে নয়জন আহত ছিলেন। পরদিন ১২ নভেম্বর আরও দুজনের মুখ দিয়ে রক্ত বের হলে তাদের জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এসওএস বলকানরুটের প্রতিষ্ঠাতা পেতার রোসান্দিচ অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে বছরের পর বছর ধরে চলা সহিংসতা এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। তার দাবি, নারী ও অপ্রাপ্তবয়স্কদেরও জুতা ছাড়া সীমান্তের ওপারে তাড়িয়ে দেওয়া হয়েছে।
অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ গত ১৩ নভেম্বর ‘এসওএস বলকানরুট: ক্রোয়েশিয়ার সীমান্তে পুলিশের সহিংসতা’ শিরোনামে ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। একই দিন অস্ট্রিয়ার সংবাদমাধ্যম ডার স্ট্যান্ডার্ড (Der Standard) ও হইটে (Heute) এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। বসনিয়া-হার্জেগোভিনার সংবাদমাধ্যম এন১ ইনফো ১৪ নভেম্বর ক্রোয়েশীয় পুলিশের বিরুদ্ধে ৫৩ অভিবাসনপ্রত্যাশীকে মারধরের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাতে ১৫ নভেম্বর আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ক্রোয়েশীয় কর্তৃপক্ষ এ ঘটনা সম্পর্কে কোনো তথ্য পাওয়ার কথা স্বীকার করেনি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে বসনিয়ার কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি তারা।
এসওএস বলকানরুট ঘটনার স্বাধীন তদন্ত, আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
তবে পুলিশের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগগুলো এখনো স্বাধীনভাবে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হওয়ার পর ইউরোপের সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের মানবাধিকার ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




