হুতিদের মোকাবিলায় সৌদিকে নিরাপত্তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

মার্কো রুবিও— রয়টার্স
ইয়েমেনে হুতিদের ঘিরে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ার মধ্যে সৌদি আরবের পাশে থাকার ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র বজায় রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ইউরোপ সফরের আগে সোমবার সাংবাদিকদের রুবিও বলেছেন, ‘সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি রয়েছে এবং আমরা সেটি মেনে চলতে চাই।’ তার সফরে আইসল্যান্ড, গ্রিস ও পর্তুগাল যাওয়ার কথা রয়েছে। তবে এ চুক্তির আওতায় কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি তিনি।
রুবিও বলেন, হুতিদের অব্যাহত হামলার মুখে রিয়াদের ‘নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে’। তিনি আরও বলেন, ইয়েমেনের মিত্র বাহিনীগুলো আগের সংঘাতে হারানো এলাকাগুলো পুনর্দখলের চেষ্টা করছে।
বাব আল-মান্দাব প্রণালির আশপাশের নিয়ন্ত্রণ নিয়ে রুবিও বলেন, সৌদি ও ইয়েমেনি বাহিনী এই নৌপথের কাছে হুতিদের আধিপত্যের বিরোধিতা করছে। তিনি স্থানীয় বাহিনীগুলোর পাল্টা অভিযানকে প্রত্যাশিত একটি অগ্রগতি হিসেবে বর্ণনা করেন।
ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি সোমবার রাজধানী সানা পুনর্দখলের জন্য সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর রুবিও এসব মন্তব্য করেন। দেশটির ‘ভাই ও বন্ধুদের’ সমর্থনে এ অভিযান চালিয়ে ২০১৪ সাল থেকে হুতিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী পুনর্দখল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনঃপ্রতিষ্ঠার কথা জানিয়েছেন আল-আলিমি। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা ধুবাব জেলা ও প্রণালির কৌশলগত অবস্থানগুলো দখলে নিয়েছে।
তবে এ অভিযানকে সমর্থন করে সরাসরি সামরিক হামলায় অংশ নেওয়ার বিষয়টি এখন পর্যন্ত প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। এর পরিবর্তে তারা সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করতে চাইছে।
সূত্র: আনাদোলু এজেন্সি




