বাব আল-মান্দেব হুতিদের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি আরব-সমর্থিত সরকারের পক্ষে লড়াই করা ইয়েমেনি বাহিনী গতকাল জানিয়েছে, তারা কৌশলগতভাবে পিছু হটছে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির সম্মুখভাগের একটি এলাকা থেকে। এতে ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। রয়টার্সের গতকালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাব আল-মান্দেব এলাকা থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর পিছু হটার ফলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশপথের ওপর হুতিদের নিয়ন্ত্রণ ও প্রভাব আরও বাড়ল।
আরব উপদ্বীপের অন্য প্রান্তে ইরান যখন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক সেই সময় এ ঘটনা বিশ্বব্যাপী নৌবাণিজ্যের ওপর বড় ধরনের চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দ্বিমুখী চাপ উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারীদের তাদের প্রধান নৌপরিবহন পথগুলো থেকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে। ইয়েমেনের সাউদার্ন আর্মড ফোর্সের এক বিবৃতিতে জানিয়েছে, তাইজ গভর্নরেটের পশ্চিমে অবস্থিত ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকা থেকে নিজেদের বাহিনীকে আবার অন্য জায়গায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সেখানে আরও জানানো হয়েছে, রাজধানী এডেন ও পার্শ্ববর্তী গভর্নরেটগুলোকে সুরক্ষিত করা, সম্মুখসারির প্রতিরক্ষা জোরদার করা এবং বিদ্যমান হুমকিগুলো মোকাবিলার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।



