৩৭ হাজার কোটি টাকার ম্যাচ

সংগৃহীত ছবি
বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ বলা হচ্ছে সেমির এই লড়াইকে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেন যখন মাঠে নামবে, দুই প্রান্তেই বসবে তারকার মেলা। শুধুই কি তারকা? ফ্রান্স ও স্পেন স্কোয়াডের মূল্যও যেন আকাশছোঁয়া! এক পরিসংখ্যানে দেখা গেছে, মুখোমুখি হওয়া দুই সেমিফাইনালিস্ট দেশের স্কোয়াডের বর্তমান মূল্য প্রায় ৩৭ হাজার কোটি টাকা!
দুই দেশই ইউরোপিয়ান ফুটবলের পরাশক্তি। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই শিরোপার অন্যতম দাবিদার তারা। ডালাসে হতে যাওয়া ফ্রান্স-স্পেন ম্যাচে স্বাভাবিকভাবে থাকবে তারকার ছড়াছড়ি। একদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা। অন্যদিকে আছেন স্পেনের লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি, রোদ্রি, ফেরান তোরেসরা।
দিদিয়ের দেশমের দলের বাজারমূল্য অবশ্য স্পেনের চেয়ে বেশি। ফ্রান্স স্কোয়াডের বর্তমান মূল্য ১.৫২ বিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার কোটি টাকা। লুইস দে লা ফুয়েন্তের স্পেন স্কোয়াডের মূল্য ১.২২ বিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ হাজার কোটি টাকা। দুই দলের পার্থক্য প্রায় ৭ হাজার কোটি টাকা আর সম্মিলিত দাম ৩৭ হাজার কোটি টাকা।
স্পেন ও ফ্রান্সের এই বাজারমূল্যের লড়াইয়ে এমন সাতজন ফুটবলার আছেন, যাদের প্রত্যেকের মূল্য ১০০ মিলিয়ন ইউরো বা তারও বেশি। এ ম্যাচের সবচেয়ে দামি ফুটবলার স্পেনের ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সী বার্সা ও স্পেনের এই তরুণ ফুটবলারের মূল্য প্রায় ২০০ মিলিয়ন ইউরো। তার পরেই আছে ফ্রান্সের এমবাপ্পে। এই রিয়াল মাদ্রিদ তারকার মূল্য প্রায় ১৮০ মিলিয়ন ইউরো।
১৫০ মিলিয়ন ইউরো মূল্য আছে ফ্রান্সের মাইকেল ওলিসে ও স্পেনের পেদ্রির।




