রোনালদোর শাস্তি ও স্বস্তি

গ্রাফিকস: আগামীর সময়
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে সরে দাঁড়িয়ে বিতর্ক তৈরি করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিংবদন্তিরা এমন বিতর্ক চাপা দেন পারফরম্যান্সে। রোনালদোও তাই করলেন। ক্লাবে ফিরেই করলেন ১ গোল। আল নাসরও সৌদি প্রো লিগে আল দিরিয়াকে হারাল ৩-০ গোলের বড় ব্যবধানে। এটি রোনালদোর ক্যারিয়ারের ৯৮০তম গোল। অফিসিয়াল ম্যাচে এক হাজার গোলের কীর্তি স্পর্শ করতে আর ২০ বার বল জালে পাঠাতে হবে তাকে।
দিরিয়াহর বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচের আগে আল নাসরের সমর্থকরা উঁচিয়ে ধরেন একটি বিশাল ব্যানার। সেখানে লেখা ছিল, ‘গ্রেটনেস অর্জন করে নিতে হয়। সিআরসেভেন-ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা’। ব্যানার প্রদর্শনের পাশাপাশি ম্যাচ জুড়ে সমর্থকরা গলা ফাটিয়েছেন রোনালদোর জন্য।
এদিকে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রোনালদোর বিপক্ষে। ৪১ বছর বয়সী এই কিংবদন্তিকে নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে। চূড়ান্ত শাস্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন। পরবর্তী সিদ্ধান্তের আগে রোনালদো সাময়িক নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে বিস্তারিত জানাবে না এফপিএফ।
দেশটির একটি স্বাধীন কমিটি রোনালদোর এই কাণ্ড পর্যালোচনা করছে। পরিষদ দ্রুতই তার চূড়ান্ত শাস্তির মেয়াদ ঘোষণা করবে। সেই রায় ঘোষণার আগেই ‘দ্য মিরর’ ও ডেইলি মেইল জানিয়েছিল রোনালদোর নিষিদ্ধ হওয়ার কথা। ‘ইএসপিএন’ ইঙ্গিত দিয়েছে, রোনালদো নিষিদ্ধ থাকবেন ১৫ দিন আর জরিমানা হবে ৫১০ ইউরো। কোচকে দায়ী করে দল ছেড়ে যাওয়ার কথা নিঃশর্তে ও পুরোপুরি স্বীকার করে ক্ষমা চেয়েছেন রোনালদো। তাই সর্বনিম্ন শাস্তিটাই হতে পার তার। সেই মেয়াদ শেষে খুলে যাবে জাতীয় দলের দরজাও।



