এশিয়ান গেমসের জন্য ভারতের ভিন্নরকম প্রস্তুতি

সংগৃহীত ছবি
আগামী এশিয়ান গেমসে ক্রীড়াবিদদের অন্যরকম আবাসন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারত। জাপানে যে ধরনের শিপিং কনটেইনারের মতো অস্থায়ী কেবিনে থাকতে হবে ক্রীড়াবিদদের, সেরকম আবাসন তৈরি করে সেখানে সাময়িকভাবে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করেছে দেশটির স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এসএআই)।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়া ও আইচিতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। খরচ কমানোর লক্ষ্যে এবার আয়োজন করা হচ্ছে না প্রচলিত অ্যাথলেটস ভিলেজ।
এর পরিবর্তে ১৭ হাজারের বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তা ক্রুজ জাহাজ এবং বিভিন্ন হোটেলে থাকবেন। এ ছাড়া প্রায় দুই হাজার অংশগ্রহণকারীর জন্য কাঠ দিয়ে তৈরি অস্থায়ী আবাসনের ব্যবস্থাও থাকছে।
জাপানে যাওয়ার আগে ভারতীয় ক্রীড়াবিদদের সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পাতিয়ালা ও বেঙ্গালুরুতে একই ধরনের কেবিন তৈরি করেছে এসএআই। দেশটির ক্রীড়াবিদরা জাপানে রওনা হওয়ার আগে এক বা দুই রাত এসব কেবিনে থাকবেন।
পাতিয়ালায় এএফপিকে এসএআইয়ের উপমহাপরিচালক বিনীত কুমার বলেন, ‘এই কনটেইনারগুলো এক ধরনের সিমুলেটরের মতো। এশিয়ান গেমস বা অলিম্পিকের ইতিহাসে এর আগে কখনো এ ধরনের আবাসন ব্যবহার করা হয়নি। বিশেষভাবে আমরা এটি তৈরি করেছি যাতে জাপানে এমন আবাসনে থাকার সময় আমাদের ক্রীড়াবিদরা হঠাৎ করে অস্বস্তিতে না পড়েন কিংবা বদ্ধ পরিবেশে ক্লস্ট্রোফোবিক অনুভব না করেন।’
ভারতে তৈরি প্রতিটি কনটেইনার প্রায় ৪০ ফুট বা ১২ মিটার লম্বা এবং ৮ ফুট চওড়া। এতে রয়েছে চারটি বিছানা, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, সংরক্ষণের জন্য টেবিল, টয়লেট, ওয়াশরুম ও ওয়াশিং মেশিন। জাপানে ক্রীড়াবিদদের জন্য প্রস্তুত করা কেবিনগুলোর ছবিতেও প্রায় একই ধরনের সুবিধা দেখা গেছে।





