কুয়েত আন্তর্জাতিক দৌড় উৎসব
১১ হাজার প্রতিযোগীতে নতুন রেকর্ড

ছবি: আগামীর সময়
কুয়েতের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়েছে ১২তম গালফ ব্যাংক ৬৪২ ম্যারাথন। শনিবার (২৮ নভেম্বর) দেশটির উপকূলীয় এলাকায় আয়োজিত এই আন্তর্জাতিক ম্যারাথনে রেকর্ডসংখ্যক প্রায় ১১ হাজার প্রতিযোগী অংশ নেন। কুয়েতি নাগরিক, বিভিন্ন দেশের প্রবাসী এবং বিদেশ থেকে আসা দৌড়বিদদের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক বিশাল মিলনমেলায়।
এবারের আয়োজনে কুয়েতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের দৌড়বিদরা অংশ নেন। মোট অংশগ্রহণকারীর মধ্যে প্রায় ৬ হাজার কুয়েতি নাগরিক এবং ৫ হাজার ছিলেন বিভিন্ন দেশের প্রবাসী। এছাড়া প্রায় এক হাজার প্রতিযোগী বিশেষভাবে বিদেশ থেকে কুয়েতে এসে ম্যারাথনে অংশ নেন। ১০ থেকে ৮৫ বছর বয়সী মানুষের অংশগ্রহণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপস্থিতি আয়োজনটিকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলে।
কুয়েতের যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমা নিজেও ৫ কিলোমিটার দৌড়ে অংশ নেন। তিনি বলেন, গালফ ব্যাংক ৬৪২ ম্যারাথন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং গত ১২ বছরের সাফল্য, উন্নয়ন ও ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রতিফলন। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে এই আয়োজন কুয়েতের ক্রীড়াঙ্গনে বিশেষ অবস্থান তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
এবারের ম্যারাথনে প্রতিযোগীদের জন্য রাখা হয় চারটি ক্যাটাগরি। এর মধ্যে ৫ কিলোমিটার হাঁটা বা দৌড়, ১০ কিলোমিটার দৌড়, ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ৪২ কিলোমিটারের পূর্ণ ম্যারাথন উল্লেখযোগ্য। ফলে পেশাদার অ্যাথলেটদের পাশাপাশি নতুন দৌড়বিদ, সাধারণ মানুষ ও বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান।
এবারের আয়োজনে নতুন রুট সংযোজন ছিল অন্যতম আকর্ষণ। প্রতিযোগিতার সূচনা হয় কুয়েতের শুওয়াইখ এলাকা থেকে। সেখান থেকে কুয়েতের সমুদ্রতীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থান ঘেঁষে এগিয়ে যায় প্রতিযোগীদের দৌড়। তবে ম্যারাথনের বিভিন্ন দূরত্বের সমাপ্তিস্থল আলাদা ছিল।
এবারের প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। মোট প্রতিযোগীর ৪১ শতাংশ নারী এবং ৫৯ শতাংশ পুরুষ। এছাড়া গালফ ব্যাংকের প্রায় ৭০০ কর্মকর্তা-কর্মচারী প্রতিযোগী ও স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন, যা ব্যাংকটির ইতিহাসে কর্মীদের সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড।
আন্তর্জাতিক স্বীকৃতির দিক থেকেও বিশেষ অবস্থানে রয়েছে গালফ ব্যাংক ৬৪২ ম্যারাথন। এটি কুয়েতের একমাত্র ম্যারাথন, যা ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের ‘রোড রেস লেবেল’ স্বীকৃতি পেয়েছে এবং অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিস্ট্যান্স রেসেসের তালিকাভুক্ত। নির্ধারিত যোগ্যতা পূরণকারী ৪০ বছর বা তার বেশি বয়সী দৌড়বিদরা এই প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে আন্তর্জাতিক বয়সভিত্তিক র্যাঙ্কিংয়েও পয়েন্ট অর্জনের সুযোগ পান।
ম্যারাথনকে ঘিরে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় বিশেষ ‘ম্যারাথন ভিলেজ’। সেখানে পরিবার, দর্শক ও প্রতিযোগীদের জন্য ছিল বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। গালফ ব্যাংকের স্টলে ব্যাংকিং সেবা ও আর্থিক সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি বিজয়ীদের সম্মাননা ও প্রতিযোগিতা সম্পন্নকারীদের জন্য কুয়েতের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় পরিচয়ভিত্তিক বিশেষ স্মারক পদক দেওয়া হয়।
প্রতিটি দূরত্বের পদকে ছিল আলাদা ঐতিহ্যবাহী নকশা। ৫ কিলোমিটারের পদকে স্থান পেয়েছে কুয়েতের ঐতিহ্যবাহী ধৌ নৌকা ও সামুদ্রিক জীববৈচিত্র্য। ১০ কিলোমিটারের পদকে রয়েছে গালফ ব্যাংকের ঐতিহাসিক সদর দপ্তর। ২১ কিলোমিটারের পদকে মরুভূমির পটভূমিতে বাজপাখি এবং ৪২ কিলোমিটারের পদকে স্থান পেয়েছে কুয়েত টাওয়ার ও জাতীয় পতাকা।
পরিবেশ সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের আয়োজনে। ব্যবহৃত সামগ্রীর ৮০ শতাংশের বেশি পুনর্ব্যবহারযোগ্য রাখা হয়। প্রতিযোগীদের টি-শার্ট তৈরি করা হয়েছে পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে। এছাড়া অব্যবহৃত পদক গলিয়ে পুনরায় ব্যবহারের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়। পুরো আয়োজন সফল করতে ৫০০ জনের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১২টি আসরে এখন পর্যন্ত ৮৬ হাজারের বেশি মানুষ এই ম্যারাথনে অংশ নিয়েছেন। শুরুতে মাত্র ৪০০ দৌড়বিদ নিয়ে যাত্রা শুরু করা আয়োজনটি বর্তমানে ৮০টিরও বেশি দেশের মানুষের অংশগ্রহণে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে। এ পর্যন্ত ৯ হাজার ৫০০-এর বেশি স্বেচ্ছাসেবক এতে যুক্ত হয়েছেন। পাশাপাশি কুয়েতের অর্থনীতিতে প্রতিবছর প্রায় ২০ লাখ দিনার অবদান রাখার পাশাপাশি ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কারও রাখা হয়েছে।
গালফ ব্যাংক ও ক্রীড়া ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সুফিক্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে সহযোগিতা করে কুয়েতের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। আয়োজকরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন শুধু সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করছে না, বরং কুয়েতের পর্যটন, অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



