ক্রিকেটের নতুন আমেজ দিবে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

এবি মিডিয়া গ্রুপের আয়োজনে হতে যাচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭। অপেশাদার ক্রিকেটারদের নিয়ে আন্তর্জাতিক আমেজে হবে এই ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। ২২ অক্টোবর রাজধানীর দ্য ওয়েস্টিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া আরো উপস্থিত এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ এবং গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়াসহ অনেকে।
আয়োজনের প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এমন আয়োজন প্রবাসীদের জন্য দারুণ। যারা আমাদের রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদেরকে উৎসাহিত করবে।’
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও যোগ করেন, ‘৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হামজা চৌধুরীরা যেমন বাংলাদেশ ফুটবলের ইমেজ সমৃদ্ধ করেছে। আমরা আশা করি, প্রবাসীদের মধ্যে কেউ জাতীয় ক্রিকেট দলে খেলবে এবং ইমেজ বাড়াবে।’
এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।’
আগামী বছর টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়াতে এবং ফাইনাল ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফাইনালে গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খানের অংশ নেওয়ার প্রত্যাশা করছে এবি গ্রুপ।
এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোসাররফ জানান, ‘অনেক পরিশ্রমের পর আজকের এই দিনটি এসেছে। বর্তমান সরকার অনেক বেশি ক্রীড়াবান্ধব। ক্রিকেট বোর্ড সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়ায় তাদের ধন্যবাদ জানাই। ভালোভাবে টুনামেন্ট শেষ করতে আইসিসি ইভেন্ট ম্যানেজারের সাথে আয়োজকদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। ভালোমানের ব্রডকাস্টিং আমরা নিশ্চিতে ওটিটি প্লাটফর্ম চালু করেছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের জান্নাতুল সুমনা,
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, হাবিবুল বাশার সুমন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রফিকুল ইসলাম বাবু, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উপদেষ্টা আফজাল হোসেন, বেলাল উদ্দিন তুহিন, ক্রিড়া সংগঠক মাসুম ভুঁইয়া, ক্রিড়াবীদ শরিফুল হক শিপন, আন্তর্জাতিক ক্রিড়া সংগঠক রিমন ইসলাম, পিটুপি গ্রুপের চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান।
আয়োজকদের লক্ষ্য, ক্রিকেটকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী জনগোষ্ঠীকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত করা। এই আয়োজনে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ক্লাব প্রথম বারের মতো অনুষ্ঠিত এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপে অংশ নিবে। ২০২৭ সালে প্রথম আসরে ইতিমধ্যে ১০ দেশ - অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়া অ্যামেচার ক্রিকেটার দল অংশ নেওয়ার কথা জানিয়েছে।



