আলোচিত নারী বডিবিল্ডার মারিয়ানের অকালমৃত্যু

মিস অলিম্পিয়া প্রতিযোগিতার উমেনস ফিজিক বিভাগে অংশ নেওয়ার মাত্র তিন সপ্তাহ পর চিলির পেশাদার বডি বিল্ডার ও আইনজীবী মারিয়ান ভন গিয়ারেক মারা গেছেন। ৪০ বছর বয়সী তারকার মৃত্যুতে দেশটির বডি বিল্ডিং অঙ্গনে চরম শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিলির অফিশিয়াল বডি বিল্ডিং সংস্থা এনপিসি চিলি।
মারিয়ান ভন গিয়ারেকের মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ করা হয়নি। এনপিসি চিলির অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় বডি বিল্ডিং অঙ্গন আজ গভীর শোকে আচ্ছন্ন। আজ আমরা গভীর বেদনার সঙ্গে অ্যাথলেট মারিয়ান ভন গিয়ারেককে বিদায় জানাচ্ছি, যিনি বডি বিল্ডিংয়ে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। তাঁর একাগ্রতা, শৃঙ্খলা এবং মিস অলিম্পিয়ায় পারফরর্ম্যান্স- সবকিছুর প্রতি গভীর শ্রদ্ধা। তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা একই আবেগে পথ চলা সবাইকে উদ্বুদ্ধ করবে।’ পেশায় একজন আইনজীবী হলেও ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বডি বিল্ডিংকে নিজের পেশা হিসেবে বেছে নেন চিলির এই তারকা অ্যাথলেট। বিশ্বসেরা প্রতিযোগিতা মিস অলিম্পিয়াতে জায়গা করে নেওয়ার আগে তিনি কানাডা, পুয়ের্তো রিকো এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশ নেন। চলতি মৌসুমে ‘রাইজিং ফিনিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
গত ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত 'মিস অলিম্পিয়া ২০২৬'-এর উমেনস ফিজিক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্বের সেরা অ্যাথলেটদের মাঝে ১৩তম স্থান অধিকার করেছিলেন মারিয়ান। মিস অলিম্পিয়ার মতো মঞ্চে দারুণ পারফর্ম করার মাত্র কয়েক সপ্তাহের মাথায় এই তারকার আকস্মিক প্রয়াণে পুরো ক্রীড়াঙ্গনে নেমে এসেছে বিষাদের ছায়া।





