দারুণ আয়োজনে শুরু ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি২০ ক্রিকেট লিগ ২০২৬’

দেশের ক্রিকেটকে আরও গতিশীল করা, স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ এবং ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে শুরু হয়েছে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি২০ ক্রিকেট লিগ (সিএফএল) ২০২৬’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের উপস্থিতিতে আজ সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দারুণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন হয়। স্পোর্টিফাই ইভেন্টস এই প্রতিযোগিতার সার্বিক আয়োজক।
দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত ক্রিকেট আয়োজনের পরিবেশ তৈরি, স্থানীয় পর্যায়ে প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশ এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখার যে প্রয়োজনীয়তা, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি২০ ক্রিকেট লিগ তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। দীর্ঘদিন স্থানীয় ক্রিকেট লিগ নিয়মিত না হওয়ায় চট্টগ্রামের অনেক উদীয়মান ও অভিজ্ঞ ক্রিকেটার পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ থেকে বঞ্চিত। এ অবস্থায় সিএফএল ২০২৬ স্থানীয় ক্রিকেটারদের মাঠে ফেরানো, ম্যাচ ফিটনেস বাড়ানো এবং নিজেদের দক্ষতা প্রমাণের নতুন সুযোগ তৈরি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তাঁর উপস্থিতি টুর্নামেন্টটির গুরুত্ব ও স্থানীয় ক্রিকেটের বিকাশে সংশ্লিষ্টদের সম্পৃক্ততার বিষয়টিকে বিশেষভাবে তুলে ধরে। দেশের ক্রিকেটকে শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে আঞ্চলিক ও স্থানীয় পর্যায়েও নিয়মিত প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা এ ধরনের আয়োজনের মাধ্যমে আরও স্পষ্ট হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সিকো এরিনার পরিচালক ইশমাম চৌধুরী, ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, এনএইচটি স্পোর্টসের কর্মকর্তা সরওয়ারুল আলম চৌধুরী মনি, আম্বিয়া স্পোর্টসের স্বত্বাধিকারী আবুল হাশেম রাজা, স্পন্সর প্রতিষ্ঠান রূপসী বাংলা রেস্টুরেন্টের প্রতিনিধি আরেফিন চৌধুরী, জিবিআই স্পোর্টসের প্রধান নির্বাহী রোবায়েত হালিম এবং স্পোর্টিফাই ইভেন্টসের স্বত্বাধিকারী ও টুর্নামেন্ট কমিটির সদস্য ফজলে দাইয়ান।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা স্থানীয় ক্রিকেটের নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, পেশাদার ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে টুর্নামেন্টটি পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, সিএফএল ২০২৬ চট্টগ্রামের ক্রিকেট অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে আরও নিয়মিত ও প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনের পথ সুগম করবে।
উল্লেখ্য, টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দলগুলোকে নিয়ে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মাঠে গড়ায় টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক লড়াই। স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত এই লীগ চট্টগ্রামের ক্রিকেটে নতুন গতি সঞ্চার করবে এবং নিয়মিত ক্রিকেট চর্চার পরিবেশ ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।




