বিকেএসপিতে শুরু হলো আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা

সংগৃহীত ছবি
বিকেএসপিতে শুরু হয়েছে ৮ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬। দেশের বিভিন্ন প্রান্তের ১৮টি দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে বিকেএসপির মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী।
এবারের প্রতিযোগিতায় মোট ১০৯ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৭২ জন ছাত্র এবং ৩৭ জন ছাত্রী। বিকেএসপির নিজস্ব ৩৭ জন খেলোয়াড়ও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ২০ জন ছাত্র ও ১৭ জন ছাত্রী।
বিভিন্ন বয়সভিত্তিক ইভেন্টে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। তরুণ খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং দেশের টেবিল টেনিসের মানোন্নয়নে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



