সাফে সাংবাদিকদের ওপর হামলার দ্রুত বিচার দাবি তিন সংগঠনের

সংগৃহীত ছবি
সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঢাকা জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে দায়িত্ব পালনের সময় পুলিশের হামলার শিকার হন ক্রীড়া সাংবাদিকেরা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন।
হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং কর্মক্ষেত্রে ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)।
বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বরাবর পাঠানো এক যৌথ প্রতিবাদলিপিতে এ দাবি জানায় সংগঠন তিনটি। যৌথ প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন বিএসপিএ’র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, বিএসজেএ’র সাধারণ সম্পাদক এসএম সুমন এবং বিএসজেসি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
প্রতিবাদলিপিতে বলা হয়, বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের নির্ধারিত মিক্সড জোনে পেশাগত দায়িত্ব পালন করছিলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসীম, স্পোর্টস রিপোর্টার হাসান সজিবসহ অন্য সাংবাদিকেরা।
এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের কাজে বাধা দেন। সাংবাদিকেরা নিজেদের পরিচয় ও অ্যাক্রিডিটেশন কার্ড দেখানোর পরও পরিস্থিতির উন্নতি হয়নি। একপর্যায়ে ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছে সংগঠনগুলো।
এ ঘটনায় একাত্তর টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার হাসান সজিব গুরুতর আহত হন।
তার পায়ে আঘাত লাগে এবং কান থেকে রক্তক্ষরণ হয়। একই টেলিভিশনের ক্যামেরাপার্সন কে এম মিজানের কনুই রক্তাক্ত হয়। এ সময় তার ক্যামেরাও ভাঙচুর করা হয়। সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসীমও শারীরিক লাঞ্ছনার শিকার হন।
যৌথ প্রতিবাদলিপিতে তিনটি দাবি জানানো হয়েছে। প্রথমত, ঘটনার নিরপেক্ষ তদন্তে কমিটি গঠন করে হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে।
দ্বিতীয়ত, সাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব পালনে অবহেলা, টুর্নামেন্ট আয়োজনের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার তদন্ত করতে হবে। তৃতীয়ত, দেশের সব স্টেডিয়াম ও ক্রীড়া ভেন্যুতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।



