বাংলাদেশের সেঞ্চুরিই হলো না সেঞ্চুরিয়নে

গ্রাফিকস: আগামীর সময়
শহরটার পুরনো নাম ছিল ভেরোউডবার্গ, তারও আগে লিটলটন। তবে ১৯৯৫ সালে, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানের পর শহরের বাসিন্দারা বেছে নিলেন নতুন নাম, সেঞ্চুরিয়ন। সেই শহরের মাঠ সুপার স্পোর্ট পার্কে বাংলাদেশ দলের ১১ জন ব্যাটার মিলেও সেঞ্চুরি বা ১০০ রান করতে পারলেন না! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ, যা এই মাঠে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। জবাবে ১ উইকেটে ৮৮ রানে দিন শেষ করেছে প্রোটিয়ারা।
বাংলাদেশ সেঞ্চুরিয়নে অলআউট ৯১ রানে। এই ভেন্যুতে এটাই সর্বনিম্ন টেস্ট স্কোর। ২০১৬ সালে ইংল্যান্ডের ১০১ রান ছিল এতদিন সর্বনিম্ন
আউটফিল্ড থেকে উইকেটকে আলাদা করা যাচ্ছে না, এতটাই সবুজ। সকালের সেশন ভেসে গেছে বৃষ্টিতে। এমন কন্ডিশনে টস হারার পর ব্যাটিং নামাটা ব্যাটারদের কাছে দুঃস্বপ্নের মতোই। এইডেন মার্করামের কাছে মুদ্রা নিক্ষেপের ভাগ্য পরীক্ষায় নাজমুল হোসেন শান্ত যখন হারলেন, তখনই অনেকটা ঠিক হয়ে গেছে এই ম্যাচের নিয়তি। বাকিটা বাংলাদেশের ব্যাটারদের সুইং বোলিং আর বাউন্সি উইকেটে খেলতে না পারার অদক্ষতা। গোটা দল যখন ৯১ রানে অলআউট হয়, যার ভেতর অতিরিক্ত রান ১১; তখন আসলে নির্দিষ্ট কারও ভালো বা খারাপ পারফরম্যান্স নিয়ে শব্দ খরচ করা অর্থহীন। লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ব্যাটিং দেখে মনে হতে পারে, সতীর্থদের ওপর রাগ করে তেড়েফুঁড়ে ব্যাট করছেন।
চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। ২০১৯ সালে ওয়েলিংটনে ও ২০০৩ সালে কেয়ার্নসে চার পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ
জোহানেসবার্গ থেকে সেঞ্চুরিয়ন, একাদশে তিন বদল। মুশফিক আর হাসান তো জানা ইনজুরির কারণে নেই, মেহেদী হাসান মিরাজকেও বাদ দেওয়ার সাহস দেখিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমবারের মতো চারজন বিশেষজ্ঞ পেসার একাদশে নিয়েছে বাংলাদেশ; খালেদ, শরিফুল, তাসকিন ও ইবাদত। চার পেসার নিলেও তাদের কিছুটা রান তো দিতে হবে স্কোর বোর্ডে, যাতে করে প্রতিপক্ষের ব্যাটাররা একটা চাপে থাকেন। দল ৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পর আসলে এই বাড়তি পেসারের সুবিধাটাই আর থাকে না। তবে টিম ম্যানেজমেন্ট বাহবা পাবেন মাহফিজুল ইসলাম রবিনকে একাদশে রাখার সাহস দেখানোয়। অভিষেকে প্রথম বলেই শূন্য রানে আউট হওয়া এ তরুণের ওপর আস্থা রেখেছেন কোচ ও অধিনায়ক। রবিন আউট হওয়ার আগে করেছেন ২৩ রান, নরকিয়ার ১৪৩ কিলোমিটার গতির বলটা প্রায় খেলার অসাধ্য ব্যাটারের। মুমিনুল হক দক্ষিণ আফ্রিকার মাটিতে তার দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন। ১৮ রান করেছেন, সবশেষ ছয় ইনিংসেও এই রান করতে পারেননি তিনি।
এ বছর তিনবার ১০০ রানের নিচে টেস্টে অলআউট হলো বাংলাদেশ। এর আগে ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলআউট হয়েছিল ৬৪ ও ৯৫ রানে
পঞ্চম টেস্টে কী করলে ডন ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে যেতে পারেন তাওহীদ হৃদয়, এমন একটা চটুল আলোচনা ছিল। মাঝে মাঝেই কবরে শুয়ে থাকা এই ক্রিকেট কিংবদন্তিকে বাংলাদেশ থেকে বিরক্ত করা হয়, নানান পরিসংখ্যানের গোঁজামিলে। ৪২ বলে ১৯ রান করে আউট হয়ে হৃদয় আপাতত ব্র্যাডম্যানকে শান্তিতে কবরে শুয়ে থাকতে দিচ্ছেন।



