এশিয়ান গেমস হকি
শ্রীলঙ্কাকে হারিয়ে আমিরুলদের প্রথম জয়

অন্য সব ডিসিপ্লিনের মতো আইচি-নাগোয়া এশিয়ান গেমসে হকিতেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে পুরুষ হকি দল। আজ বৃহস্পতিবার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে আমিরুল ইসলামরা। পেনাল্টি কর্নার থেকে দুই গোল করেন এই তরুণ ডিফেন্ডার। অভিজ্ঞ আশরাফুল ইসলামও জোড়া গোল করেন।
দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারে শুরুর পর স্বাগতিক জাপানের কাছেও হারতে হয়েছে তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। আক্রমণাত্মক হকি খেলে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে বাংলাদেশ।প্রথম কোয়ার্টারেই গোলের দেখা পায় বাংলাদেশ। আমিরুল পিসি থেকে দলের গোলের খাতা খোলেন। লিড বাড়াতে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে শ্রীলঙ্কার সীমানায় একের পর এক আক্রমণ চালায় তারা। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরও দুই গোল করে। আমিরুল ইসলাম নিজের দ্বিতীয় গোল করার পর আশরাফুল ইসলাম পিসি থেকে লক্ষ্যভেদ করেন। এক পর্যায়ে শ্রীলঙ্কার রক্ষণভাগ ছন্নছাড়া হয়ে পড়লে সেই সুযোগ কাজে লাগিয়ে মাহবুব হোসেনও গোল করেন। ফলে ম্যাচের বড় সময় ৪-০ ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ। গোলের পাশাপাশি পেনাল্টি কর্নার আদায়েও বাংলাদেশ মুন্সিয়ানা দেখিয়েছে। তবে পুরো ম্যাচে ১৫টি পিসি আদায় করলেও বেশিরভাগকে গোলে পরিণত করতে পারেনি তারা।
চতুর্থ কোয়ার্টারে এসে শ্রীলঙ্কা একটি গোল শোধ করে। কুশলের গোলে ব্যবধান কমালেও বাংলাদেশ শেষ দিকে আশরাফুল পিসি থেকে দ্বিতীয় গোল করে দলকে আনায়াস জয় এনে দেন। শনিবার ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর ২৮ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা।




