তৃতীয় বিভাগে এবার ২৫ বছরের বেশি নয়

প্রায় সাত বছর পর ২০২৫ সালে তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাই টুর্নামেন্ট চালু করা হয়। ফেব্রুয়ারিতে হওয়া সেই আসরে তরুণদের মঞ্চে বেশ কয়েকজন ৩৫ বছর বা তার বেশি বয়সী ক্রিকেটার খেলেছিলেন কিছু ক্লাবে। এই স্তরের ক্রিকেটে যেখানে উদীয়মান ও তরুণ খেলোয়াড়দের সুযোগ পাওয়ার কথা, সেখানে বেশি বয়সীদের অন্তর্ভুক্ত করা নিয়ে দেশের ক্রিকেট মহলে তীব্র সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল।
সেই পুনরাবৃত্তি এবার কোনোভাবেই গ্রাহ্য করবে না বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস বিভাগ। তাই ঢাকা তৃতীয় বিভাগ বাছাই পর্বে এবার সর্বোচ্চ ২৫ বছর বয়সী ক্রিকেটারদের খেলার নিয়ম কঠোরভাবে মানা হচ্ছে। এমনটাই জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান মঈনউদ্দিন চৌধুরী।
শুধু বয়সসীমা মানাই নয়, ম্যাচ পাতানোসহ নানা অভিযোগ ঠেকাতেও সংশ্লিষ্ট বিভাগ ও আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেছে সিসিডিএম। মঈনউদ্দিন বলেছেন, ‘এটা একদম সর্বোচ্চ সীমা ২৫ করে দিয়েছি। অন্য যেকোনো অভিযোগ থামানোর ব্যবস্থা আমরা নিয়েছি, তা আপনারা দেখতে পাবেন। বড় বড় লোকের কোনো প্রভাব খাটানোর সুযোগ নেই। কোনো সুযোগ দেব না আমরা। শতভাগ ফেয়ারলি খেলা হবে।’
বাছাই পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। ঢাকা লিগের বাছাই পর্ব দিয়েই শুরু হয়েছিল তার ক্রিকেট ক্যারিয়ার। এরপর তৃতীয়, দ্বিতীয়, প্রথম বিভাগ হয়ে প্রিমিয়ার লিগ।
নিজের ক্রিকেটে উঠে আসার গল্প বলতে গিয়ে মিরাজ বলেছেন, ‘আমার ক্রিকেট খেলা শুরু হয়েছে ২০০৯ সালে। তখন আমি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলে খেলতাম। আমি সিসিএসের হয়ে খেলেছিলাম। আর যেহেতু বাছাই পর্ব থেকে শুরু করেছিলাম, তাই ঢাকা লিগের প্রত্যেকটা স্তরেই খেলার সুযোগ হয়েছে— বাছাই পর্ব, তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ।’



