আন্তর্জাতিক ফুটবল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো

আসন্ন ফেব্রুয়ারিতে ৪২ বছর পূর্ণ হতে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন না। তবে গত বিশ্বকাপের পর থেকেই তিনি অবসরের কথা ভাবছিলেন। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই মহাতারকা।
আগামী বৃহস্পতিবার লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা আছে। এটি হবে তার ক্যারিয়ারের ২৩৪তম আন্তর্জাতিক ম্যাচ। পর্তুগালের কোচ হোর্হে জেসুস ইতোমধ্যে নিশ্চিত করেছেন যে এই ম্যাচে শুরুর একাদশেই থাকবেন রোনালদো।
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কথা ভেবেছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘হ্যাঁ, আমি ভেবেছিলাম। অবশ্যই আমি সবসময় আমার সিদ্ধান্ত, আমার ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে ভাবি। আমি একজন চিন্তক। আপনাকে ভাবতে হবে। এই কারণেই আপনি আমাকে এখন এখানে দেখতে পাচ্ছেন। এর মানে হলো আমি চালিয়ে যাব।’
দলের সভাপতি ও কোচের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি আমাদের ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে, কোচের সঙ্গে কথা বলেছি। এখনও বিশ্বাস করি যে জাতীয় দলকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমি অবদান রাখতে সক্ষম। যেদিন আমার মনে হবে আমি এখানে কোনো অবদান রাখতে পারছি না, ঠিক সেদিনই আমি শেষ করব।’
তরুণ প্রজন্মের দলে আসার বিষয়টি তুলে ধরে রোনালদো বলেন, ‘আমি মনে করি আমি জাতীয় দলকে শুধু গোলের মাধ্যমেই নয়, ফুটবলের বাইরেও আমার সমর্থন দিয়ে যেতে পারি। এটি একটি নতুন তরুণ প্রজন্ম। তবে আমার কাছে মূল বিষয়টি হলো মাঠে গিয়ে গোল করা এবং দলের জয় নিশ্চিত করতে সাহায্য করা।’
কিছু গণমাধ্যমের সমালোচনা ও সমর্থকদের ভালোবাসা নিয়ে বলতে গিয়ে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘আমি প্রায়ই বাড়িতে আমার বন্ধুদের সঙ্গে এটি বলি। আমি বহু বছর ধরে ফুটবল খেলছি, কিছু ব্যতিক্রম ছাড়া আমি প্রায় সব জায়গায় সমর্থন পেয়েছি। আমি অনুভব করি পর্তুগিজ ভক্তরা আমাকে ভালোবাসে, কিন্তু কিছু টিভি চ্যানেল আমাকে সমালোচনা করতে চায়। তারা আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে!’
গণমাধ্যমের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে রোনালদো আরও যোগ করেন, ‘তারা চায় না আমি আর জাতীয় দলে আসি, কিন্তু আমি চাইলেই এর চেয়ে দূরে সরে যেতে পারি। যাই হোক, আমি এগুলোতে অভ্যস্ত। ২০ বছরেরও বেশি সময় ধরে আমি এসব মোকাবেলা করে আসছি। তবে আমার ভালো স্মৃতিগুলো সেই মানুষগুলোর সঙ্গেই আছে যারা আমাকে ভালোবাসে।’
সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা এই পর্তুগিজ ফরোয়ার্ডের বর্তমান ক্যারিয়ার গোলসংখ্যা ৯৭৯। এক হাজার গোলের মাইলফলক ছোঁয়া নিয়ে কোনো আচ্ছন্নতা আছে কি না—এমন প্রশ্নে তিনি জানান যে রেকর্ড নিয়ে তার বাড়তি কোনো উন্মাদনা নেই, তবে পর্তুগালের জার্সিতে এই মাইলফলক ছুঁতে পারলে তিনি দারুণ খুশি হবেন।
তরুণদের আদর্শ হওয়া প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমি জানি কেন ছোট বাচ্চারা ক্রিশ্চিয়ানোকে ভালোবাসে, কারণ তারা আমাকে একটি উদাহরণ হিসেবে দেখে এবং আমি এটি চালিয়ে যাব। এমনকি আমি অবসর নেওয়ার পরও... ১০ বছর পরেও।’



