নতুন ঠিকানায় শোমিত

সংগৃহীত ছবি
বাংলাদেশের ফুটবলের নতুন দিনের অন্যতম সারথি তিনি। কানাডা প্রবাসী মিডফিল্ডার শোমিত সোম ক্লাব ফুটবলে পেলেন নতুন ঠিকানা। তাকে দলে ভিড়িয়েছে নিউইয়র্ক কসমস।
যুক্তরাষ্ট্রের সকার লিগের তৃতীয় বিভাগে খেলা নিউইয়র্ক কসমস সামাজিক মাধ্যমে শোমিতকে দলে নেওয়ার কথা জানিয়েছে।
কসমস জানিয়েছে, ‘কসমসে স্বাগতম, শোমিত। বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলার শোমিত আনুষ্ঠানিকভাবে এখন কসমসের খেলোয়াড়। এমএসএল এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগে এক দশকের পেশাদার ফুটবলের অভিজ্ঞতা, মান এবং আরেকজন আন্তর্জাতিক খেলোয়াড় আমাদের সঙ্গে যোগ হলেন।‘
কানাডার দল কাভালরি এফসির হয়ে সবশেষ খেলেছেন শোমিত। ২০২৩ সালে এখানে যোগ দেন তিনি।
২৮ বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশের জার্সি গায়ে তুলেছেন গত বছর। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় তার।
গত বছর অক্টোবরে, হংকংয়ের বিপক্ষে বাছাইয়ে বাংলাদেশের ৪-৩ গোলে হেরে যাওয়া ম্যাচে প্রথম গোল পান শোমিত।




