ইতিহাস গড়ে নেইমারের সন্তুষ্টি

ব্রাজিলিয়ান ফুটবলে কিংবদন্তির তালিকাটা অনেক লম্বা। পেলে, গারিঞ্চা, জিকো, রোনালদো, রোমারিওদের সঙ্গে স্মরণীয় হয়ে আছেন আরও অনেকে। তবে পরিসংখ্যান বলছে, ব্রাজিলের জার্সিতে গোলে সবাইকে ছাড়িয়ে নেইমার। বিশ্বকাপ না জিতেও তাই নিজেকে অনন্য উচ্চতায় দেখছেন খোদ নেইমার।
রেডবুল আলটিমেট সকার চ্যালেঞ্জে অংশ নিয়ে সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘মনে হয় ফুটবলে আমার লিগ্যাসি তৈরি হয়ে গেছে। ফুটবল নিয়ে কথা হলে সবাই কোনো না কোনোভাবে আমাকে মনে রাখবে। তাই ইতিহাস গড়তে পেরে ফুটবলের পাতায় নিজের নাম খোদাই করতে পেরে আমি ভীষণ খুশি। একদিন আমার সন্তানদের, নাতি-নাতনিদের বলতে পারব যে দেশের জন্য কত গুরুত্বপূর্ণ সব কাজ করেছি।’
ক্লাবের ব্যস্ততা আর জাতীয় দলকে ঘিরে হাজারো আলোচনার মধ্যেই ফ্রিস্টাইল বিশেষজ্ঞ সিয়ান গার্নিয়ারের সঙ্গে রেডবুলের ‘আলটিমেট সকার চ্যালেঞ্জ’-এ অংশ নিয়েছিলেন নেইমার। সেখানে তার ফুটবল দক্ষতা আর উচ্চতা নিয়ে ভীতির কঠিন পরীক্ষাই নেওয়া হয়।
নেইমারও স্বীকার করেছেন সে কথা, ‘আমি ভেবেছিলাম এটি সহজ হবে। কিন্তু এটি বেশ ভয়ংকর ছিল। কাজটা যতটা সহজ দেখায়, তার চেয়ে অনেক কঠিন ছিল। এর প্রধান কারণ বাতাস। বল যেভাবে আপনার দিকে আসে, তা বাতাসে অনেক দিক পরিবর্তন করে, তাই বল নিয়ন্ত্রণে রাখা আরও কঠিন হয়ে পড়ে।’
ফুটবল দুনিয়ায় তিনি ঠিক কী হিসেবে পরিচিত হতে চান? এমন প্রশ্নে সহজভাবেই বলেছেন, ‘আমি এমন একজন মানুষ যে মাঠের ভেতর সবসময় নিজের আসল রূপেই থেকেছি। আমি মাঠে নামলে সবসময় নিজের শতভাগ উজাড় করে দিয়েছি; তা শুধু সান্তোস, বার্সেলোনা, পিএসজি কিংবা আল হিলালের জন্যই নয়, বিশেষ করে ব্রাজিলের জাতীয় দলের জন্য আমি সবসময় আমার সেরাটা দিয়েছি।’




